ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সায়েদাবাদে পুলিশের গুলিতে আহত হয়েছে সন্দেহভাজন এক ছিনতাইকারী।
বুধবার ভোরে দুই ছিনতাইকারীর সঙ্গে পুলিশের গোলাগুলির সময় ওই ব্যক্তি আহত হয় বলে যাত্রাবাড়ী থানার ওসি আবুল কাশেম জানিয়েছেন।
আহতের নাম মোহাম্মদ আলী (৫০)। তার বাড়ি কুমিল্লার মেঘনায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তার কাছ থেকে দুটি চাপাতি ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি মটর সাইকেল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ওসি কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে সায়েদাবাদ খাজা হোটেলের সামনে মাহবুবুর রহমান নামে এক ব্যক্তির টাকা-পয়সা ছিনিয়ে মটর সাইকেলে পালিয়ে যাওয়ার সময় টহল পুলিশ ছিনতাইকারীদের ধাওয়া করে।
"ওই সময় ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ করে ককটেল ও গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। আলী গুলিবিদ্ধ হলে তার সঙ্গী তাকে ফেলে দৌড়ে পালিয়ে যায়", বলেন তিনি।
পুলিশ কর্মকর্তা কাশেম বলেন, আলী নিজেকে গোয়েন্দা পুলিশের সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম চালাতো।
তিনি বলেন, "আজও ছিনতাইয়ের আগে মাহবুবুর রহমানকে ওই পরিচয় দিয়েই থামিয়ে তল্লাশি শুরু করেছিলো আলী।"
পালিয়ে যাওয়া সঙ্গীর নাম জহির বলে আলী পুলিশকে জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১০২০ ঘ.
bdnews24