চট্টগ্রাম, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর পুনর্মূল্যায়নের কাজে ঘুষ নেওয়ার অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) দুই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
এরা হলেন- প্রধান অনুমতিপত্র পরিদর্শক মো. ইয়াসীন ও উপ-কর কর্মকর্তা মো. শহীদুল্লাহ।
করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উৎকোচ নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়ায় সিসিসির প্রধান রাজস্ব^ কর্মকর্তা দীপক চক্রবর্তী মঙ্গলবার বিকালে ওই দুই কর্মকর্তাকে প্রত্যাহারের আদেশ দেন।
পাশাপাশি তাদের কারণ দর্শাতে বলা হয়েছে বলেও সাইফুদ্দিন আহমেদ জানান।
ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ- ইয়াসীন নগরীর পাঁচলাইশ এলাকায় এবং শহীদুল্লাহ নগরীর ঘাটফরহাদবেগ এলাকার বেশ কয়েকটি বাড়ির কর পুনর্মূল্যায়নের কাজ করার সময় কম জায়গা দেখিয়ে কর কমিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বাড়ির মালিকের কাছ থেকে অর্থ নেন তারা।
ঘুষ না দিলে করের পরিমাণ বাড়িয়ে দেওয়ারও হুমকি দেন তারা।
কয়েকটি বাড়ির মালিক এ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব বিভাগে অভিযোগ করলে প্রাথমিক তদন্তে এর সত্যতা পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/২২২২ ঘ.
bdnews24