২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনপ্রশাসনে অনলাইন ফাইল ট্র্যাকিং চালু ১ জুন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভিন্ন শাখায় আগামীকাল ১ জুন থেকে অনলাইন ফাইল ট্র্যাকিং (চিঠি ও নথিপত্র অনুসন্ধান) পদ্ধতি চালু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 01:13 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভিন্ন শাখায় আগামীকাল ১ জুন থেকে অনলাইন ফাইল ট্র্যাকিং (চিঠি ও নথিপত্র অনুসন্ধান) পদ্ধতি চালু হচ্ছে। এ জন্য ইতোমধ্যে মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত সচিবসহ প্রায় সব কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, এটিই হবে জনপ্রশাসনে প্রথম অনলাইন পদ্ধতিতে চিঠি ও নথির অবস্থান নিশ্চিত হওয়ার ব্যবস্থা। এর আগে কোনো মন্ত্রণালয় এ পদ্ধতি চালু করেনি। তিনি জানান, নতুন এ পদ্ধতিতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে চিঠি ও নথিপত্র আদান-প্রদানের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা কমে আসবে। একইসঙ্গে প্রশাসনের কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা বাড়বে। নতুন এ পদ্ধতি চালু হলে, প্রতিটি চিঠি বা নথি আদান-প্রদানের ক্ষেত্রে প্রেরণকারী অথবা গ্রহণকারী কর্মকর্তা তাৎক্ষণিকভাবে তা অনলাইনে রেকর্ড করবেন। এক্ষেত্রে নথির প্রাথমিক স্মারক নম্বরটি রেকর্ডভুক্ত হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোকপ্রশাসন কম্পিউটার কেন্দ্রের (পিএসিসি) নিজস্ব সার্ভারের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তা তার প্রেরিত নথিটির অবস্থান জানতে পারবেন। এজন্য ওই কর্মকর্তাকে নিজস্ব কোড অথবা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। ফলে পাঠানো নথির ফিরে আসা বা এর অবস্থান জানতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। তবে কোনো সাধারণ নাগরিক এ পদ্ধতিতে নথির অবস্থান জানতে পারবেন না বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৯১১ ঘ.