ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিকল্পনা কমিশনের কাজ ভালোভাবে করতে খেলাপীদের কাছ থেকে 'গরিব মানুষের' টাকা উদ্ধার করার সুপারিশ করেছে এ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি।
মঙ্গলবার জাতীয় সংসদে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, ঋণ খেলাপীদের কাছে আটকে থাকা বিপুল পরিমাণ অর্থ আদায়ে আলাদা আর্থিক আদালত গঠন করার সুপারিশ করেছে কমিটি। এছাড়া আদালত ও বিচারকের সংখ্যা বৃদ্ধি করে খেলাপীদের কাছ থেকে দেশের গরীব সাধারণ মানুষের টাকা উদ্ধার করে পরিকল্পনা কমিশনকে ভালোভাবে কাজ করার সুযোগ করে দিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি অলি আহমদের সভাপতিত্বে এই বৈঠকে চাকরিজীবীদের বাড়ি-ঘর কেনা বা নির্মাণে সহজশর্তে ঋণ দেওয়ার জন্য রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোকে নির্দেশ দিতেও পরামর্শ দেওয়া হয়।
আর্থিক বছরের মে মাস পর্যন্ত উন্নয়ন প্রকল্পগুলোর মাত্র ৬০ শতাংশ বাস্তবায়ন এবং বাকি ৪০ শতাংশ জুন মাসে বাস্তবায়নের যে 'রেওয়াজ' চালু আছে তা থেকে বেরিয়ে আসার ওপর গুরুত্ব দেওয়া হয় বৈঠকে। অর্থ বছরের শেষ মুহূর্তে এসে যাতে অর্থ অপচয় না করতে হয়, সেজন্য মাসিক ও ত্রৈমাসিক পরিকল্পনা করে সময়মতো প্রকল্প বাস্তবায়নের ব্যবস্থা নিতে সুপারিশ করেছে কমিটি।
সব ধরনের ভবন নির্মাণের সময় রিখটার স্কেলে অন্তত ৮ মাত্রার ভূমিকম্প সহনীয় করে তা নির্মাণের জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয় বৈঠকে। এছাড়া সরকারি জমি অবৈধভাবে দখল ও বিক্রি বন্ধ করতেও সুপারিশ করেছে কমিটি।
কমিটির সদস্য পরিকল্পনা মন্ত্রী আব্দুল করিম খন্দকার, হামিদা বানু শোভা, মোহাম্মদ নজরুল ইসলাম ও এনামুল হক এ বৈঠকে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৬১৮ ঘ.
bdnews24