নারায়ণগঞ্জ, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরের চাষাড়া রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে।
রোববার বিকালে নিহত আশু ওরফে আশু পাগলা (৩০) শহরের চাঁদমারী বস্তির বাসিন্দা।
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল হালিম জানান, বিকাল সোয়া ৫টার দিকে একটি ট্রেন নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি ৫টা ২৩ মিনিটে চাষাড়া রেলস্টেশনে পৌঁছালে যুবকটি চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে নিচে পড়ে যান।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৮ ঘ.
bdnews24