সাতক্ষীরা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় সদর উপজেলায় পারিবারিক কলহের এক পর্যায়ে স্বামীর শাবলের আঘাতে এক গৃহবধূ মারা গেছে।
রোববার সকালে ফিংড়ি ইউনিয়নের বালিথা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ময়না বেগম (২৭) পার্শ্ববর্তী জোড়দিয়া গ্রামের আবুল হাশেম বিশ্বাসের মেয়ে।
পুলিশ ময়নার স্বামী নিছার উদ্দীন খাঁকে গ্রেপ্তার করেছে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ হোসেন সাংবাদিকদের জানান, রোববার সকালে ঝগড়ার এক পর্যায়ে নেছার লোহার শাবল দিয়ে ময়নার মাথায় আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় ময়নাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ২টার দিকে তিনি সেখানে মারা যান।
নিছার-ময়না দম্পতির ৩ বছর বয়সী একটি ছেলে রয়েছে।
এ ঘটনায় ময়নার বাবা আবুল হাশেম বিশ্বাস একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/২০০০ ঘ.
bdnews24