চট্টগ্রাম, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন ইছানগর এলাকায় ছাদ থেকে পড়ে এক বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীর মৃত্যু হয়েছে।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে ইছানগর এলাকায় অবস্থিত বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) কোডেকের ট্রেনিং সেন্টারে এ ঘটনা ঘটে।
নিহত লিমা টপ্র (১৮) ওই ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নিতে এসেছিলেন। তিনি ঠাকুরগাঁও জেলার গোবিন্দনগর গ্রামের মাইকেল তপ্র'র মেয়ে।
কোডেক ট্রেনিং সেন্টারের সমন্বয়কারী এনায়েত উল্লাহ বাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে কয়েকজন প্রশিক্ষণার্থী ছাদে বেড়াতে যান। এক পর্যায়ে তিন তলা ওই ভবনের পানির টাঙ্কের পাশ থেকে লিমা পড়ে যেয়ে গুরুতর আহত হয়।
আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।
লিমা রংপুর এলাকার বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএফ এর একজন কর্মী উল্লেখ করে এনায়েত উল্লাহ জানান, তারা একটি প্রশিক্ষণের জন্য চট্টগ্রাম এসেছিলেন।
এই ঘটনায় কর্ণফুলী থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৩০০ ঘ.
bdnews24