২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গণপিটুনিতে ডাকাত নিহত

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় গণপিটুনিতে ডাকাত দলের এক সদস্যর মৃত্যু হয়েছে। আহত হয়েছে অপর দুই ডাকাত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2011, 09:21 AM

Updated : 24 Aug 2022, 03:09 PM

গাজীপুর, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় গণপিটুনিতে ডাকাত দলের এক সদস্যর মৃত্যু হয়েছে। আহত হয়েছে অপর দুই ডাকাত। শনিবার ভোরে কালীগঞ্জের একুতা গোদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. সেলিম (৩৫) নরসিংদীর গোলাপদী এলাকার প্রয়াত চাঁন মিয়ার ছেলে। আহতরা হলেন- জালাল (৩৫) ও আসাদ (৩৭)। তাদের গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালীগঞ্জ থানার ওসি কাজী দাউদ হোসেন জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে কালীগঞ্জের মুক্তারপুর ইউনিয়নের ডেমরা গ্রামের প্রবাসী মাসুদুল বারীর ঘরের কলাপসিবল গেটের তালা কেটে ৮-১০ জন ডাকাত ঘরে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে। ডাকাতির ঘটনা টের পেয়ে এলাকাবাসী পাশের মসজিদের মাইকিং করে। কিন্তু কাউকে আটক করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পরে শনিবার ভোর ৫টার দিকে গোদারাঘাট এলাকা দিয়ে পালাবার সময় এলাকাবাসী সেলিম, জালাল ও আসাদকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই সেলিমের মৃত্যু হয়। এ ব্যাপারে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৫১৫ ঘ.