নূরুল ইসলাম হাসিব
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেই দিনের কথা আজও ভুলতে পারেন না চাঁদপুরের রোকসানা (২২)। কয়েক মাস আগে বাড়িতে দ্বিতীয় সন্তান প্রসবের সময় প্রচুর রক্তক্ষরণ হয়েছিলো তার। এখনো বেঁচে থাকাকে সৌভাগ্য বলেই মনে করেন তিনি।
ওই সময় ক্লিনিকে ধাই থাকায় সে বেঁচে গিয়েছিলো, বলেন রোকসানার স্বামী জুয়েল আহমেদ।
জুয়েল নিজেও একটি ক্লিনিকে কাজ করেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার ভাগ্য ভালো ছিলো যে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পেরেছিলাম। পাঁচ ব্যাগ রক্তও জোগাড় করতে পেরেছিলাম। নইলে তাকে বাঁচাতে পারতাম না।"
রোখসানা বেঁচে গেলেও পটুয়াখালীর জেসমিন বাঁচতে পারেনি। একই ধরনের ঘটনায় প্রচুর রক্তক্ষরণের পর তিনি বাড়িতেই মারা যান।
মাতৃমৃত্যু জরিপ-২০১১ অনুযায়ী, শিশু প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণই বাংলাদেশে মাতৃমৃত্যুর প্রধান কারণ। ৩১ শতাংশ মা প্রতিবছর মারা যান এ কারণে।
জরিপে আরো দেখা যায়, এখনো ৭৭ শতাংশ প্রসব বাড়িতেই হয়। গর্ভধারণের সময় প্রতি চার জনের এক জন মা নিয়মিত চিকিৎসকের কাছে যান না।
বিশেষজ্ঞরা বলেন, দরিদ্র ও অশিক্ষিত নারীরাই অজ্ঞতার কারণে গর্ভধারণের সময় ও প্রসবকালে বেশি মারা যাচ্ছে।
বেসরকারি প্রতিষ্ঠান এনজেন্ডারহেলথের আবাসিক প্রতিনিধি ডা. আবু জামিল ফয়সল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপুষ্টি ও নিয়মিত চিকিৎসকের পরামর্শ না নেওয়ার কারণেই রক্তক্ষরণজনিত মাতৃমৃত্যু বাড়ছে। এ হার কমানো সম্ভব। কিন্তু স্বাস্থ্যসেবা জ্ঞান ও চর্চার মধ্যে বিপুল ফারাক থাকায় সে সম্ভাবনা হারিয়ে যাচ্ছে।
শনিবার দেশে পালিত হচ্ছে নিরাপদ মাতৃত্ব দিবস। এ বছর দিবসের প্রতিপাদ্য হচ্ছে- 'হাসপাতালে প্রসব করান, মা ও শিশুর জীবন বাঁচান'।
অবস্টেট্রিকস্ অ্যান্ড গাইনিকোলোজিকাল সোসাইটি অব বাংলাদেশের প্রচার সম্পাদক অধ্যাপক সামিনা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখনো অনেক পরিবারে ভাবা হয়, রক্তক্ষরণ মায়ের জন্য ভালো। তারা বিশ্বাস করে, এটা মায়ের ভেতর থেকে সব ময়লা বের করে দেয়। এ ধরনের বিশ্বাসের কারণে মাকে হাসপাতালে নিতে দেরি করা হয়।"
"আমাদের হাসপাতালগুলোর ব্যবস্থাপনা আরো উন্নত করতে হবে, যাতে জরুরি সময়ে সব হাসপাতালে মায়েদের সেবা দেওয়া সম্ভব হয়", বলেন তিনি।
ডা. সামিনা জানান, অক্সিটোসিন জাতীয় ওষুধ রক্তক্ষরণ রোধ করে। তবে অক্সিটোসিন যদি না মেলে তবে শিশু জন্মের পর মাকে 'মিসোপ্রোস্টল' দেওয়ার বিষয়টি স
bdnews24