ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করার পরপর হেরোইন সেবনে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে দাবি করেছে গোয়েন্দা পুলিশ।
নিহতের নাম মামুন (৩৫) বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোয়েন্দা পুলিশের একটি দল রাত সোয়া ৯টার দিকে এফডিসির সামনে একটি প্রাইভেট গাড়ি থামিয়ে তল্লাশি চালায়।
"এসময় চালকসহ তিনজন গাড়ি থেকে নেমে দাঁড়ায়। তল্লাশির সময় গোয়েন্দা পুলিশের এক সদস্য 'ফেনসিডিল পেয়েছি, স্যার' বলে চিৎকার দিলে দাঁড়িয়ে থাকা একজন তার হাতে থাকা হেরোইনের প্যাকেট মুখে ঢুকিয়ে দেয়।"
মাসুদুর রহমান জানান, হেরোইনের প্যাকেট মুখে ঢোকানোর কিছুক্ষণ পরই জ্ঞান হারিয়ে ফেললে তাকে প্রথমে হলিফ্যামিলি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চালক আইয়ুবুর রহমান এবং নজরুল নামে দুইজনকে গোয়েন্দা হেফাজতে নেওয়া হয়েছে।
আইয়ুবুরের বরাত দিয়ে মাসুদুর জানান, মৃত ব্যক্তির নাম মামুন। তিনি গাইবান্ধা থেকে তার গাড়ি ভাড়া করে এবং গোবিন্দগঞ্জে ফেনসিডিলের বস্তা ওঠান।
"তবে নজরুল নামে গোয়েন্দা পুলিশ যাকে গ্রেপ্তার করেছে তিনি গাড়িতে ছিলেন না বলে আইয়ুবুর দাবি করেছেন।"
গোয়েন্দা কর্মকর্তা বলেন, "গাড়িতে কত বোতল ফেনসিডিল পাওয়া গেছে তা পরে জানানো হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/পিডি/২৩৫৮ ঘ.
bdnews24