চট্টগ্রাম, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানোন্নয়ন পরীক্ষা সংক্রান্ত বিধিমালা সংশোধনের আশ্বাস দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার দুপুরে বিধিমালা সংশোধনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠককালে চবি'র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন এ আশ্বাস দেন।
বৈঠকে চবি'র প্রক্টর আকতার হোসেন, আন্দোলনরত 'মানোন্নয়ন বিষয়ক বিধিমালা বিরোধী সাধারণ শিক্ষার্থীবৃন্দ'র পক্ষে পাঁচজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রক্টর আকতার হোসেন বিডিনিউজ টোয়েনিন্টফোর ডটকমকে জানান, মানোন্নয়ন পরীক্ষা বিষয়ক বিধিমালা সংশোধনে শিক্ষার্থীদের দুই দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
তিনি বলেন, আগামী একাডেমিক কাউন্সিলে এ বিষয়ে আলোচনা করা হবে। সেখানে পাস হলে পরবর্তী সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের দাবিগুলো উত্থাপন করা হবে।
আন্দোলতরত নাট্যকলা বিভাগের শিক্ষার্থী লতিফা ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈঠকে উপাচার্য মানোন্নয়ন পরীক্ষা সংক্রান্ত বিধিমালা দ্রুত সংশোধনের আশ্বাস দিয়েছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০০৯-২০১০ শিক্ষাবর্ষ থেকে মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য নতুন বিধিমালা প্রণয়ন করে।
এ বিধিমালা অনুযায়ী, মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণকারী পরিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের মধ্যে ৬০ শতাংশের বেশি যোগ হবে না এবং নম্বরপত্র ও সনদ পত্রে 'মানোন্নয়ন' শব্দটি লেখা থাকবে।
এ দুটি ধারা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা গত ১৯ এপ্রিল চবি'র সব অনুষদের ডিন এবং ২১ এপ্রিল উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এইচএ/২১০৬ঘ.
bdnews24