২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে জোড়া খুন: জামিন জালিয়াতি তদন্তের নির্দেশ

গুলশানে জোড়া খুনের আসামিদের জামিন জালিয়াতির ঘটনা পুলিশের গোয়েন্দা বিভাগের মাধ্যমে তদন্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2011, 01:09 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলশানে জোড়া খুনের আসামিদের জামিন জালিয়াতির ঘটনা পুলিশের গোয়েন্দা বিভাগের মাধ্যমে তদন্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের বেঞ্চ এ নির্দেশ দেয়। একই সঙ্গে ডিবির ডিসিকে (দক্ষিণ) আগামী ১৪ জুলাইয়ের মধ্যে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট নজিবুর রহমান এবং বাদীপক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ শুনানি করেন। আদালতে শুনানিতে মনজিল মোরসেদ বলেন, অতীতে এ ধরনের জালিয়াতির মামলায় অপরাধীরা পার পেয়ে গেছেন। এজন্য এই মামলাটি ডিবিকে দিয়ে তদন্ত করা প্রয়োজন। যাতে সত্যিকারের অপরাধীদের চিহ্নিত করা যায়। পরে মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, জামিন জালিয়াতির ঘটনায় গত ১৫ মে দণ্ডবিধির ৪২০, ৪৬৮, ৪৭১/৩৪ ধারায় নিহত দম্পতির কন্যা সুমাইয়া ইয়াসমিন বিথি শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আসামি মিথুন ও রুবেলকে গ্রেপ্তার করা হলেও ২৩ জানুয়ারি নথি জালিয়াতি করে তারা হাইকোর্ট থেকে জামিন নিয়ে বের হন। মেয়েকে তার সাবেক প্রেমিকের কাছে বিয়ে দিতে রাজি না হওয়ায় গত বছরের ২৪ মার্চ বাংলাদেশ নার্সারি মালিক সমিতির মহাসচিব সাদিকুর রহমান (৫৫) ও তার স্ত্রী রোমানা নার্গিসকে (৫০) তাদের গুলশানের কালাচাঁদপুরের বাসায় খুন করা হয়। জামিন পাওয়ার পর রুবেল-মিথুন মামলার সাক্ষী ও নিহত দম্পতির কন্যাদের হুমকি দিচ্ছিলো বলে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে আইনজীবী মনজিল মোরসেদ বিষয়টি আদালতের নজরে আনেন। এর পরিপ্রেক্ষিতে ৯ ফেব্র"য়ারি আদালত তাদের জামিন বাতিল করে যথাসম্ভব দ্রুত ওই আসামিদের গ্রেপ্তার নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/১৯০২ ঘ.