টাঙ্গাইল, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল পৌরসভার কচুয়াডাঙ্গায় হারুন অর রশিদ (৫৫) নামে সাবেক সেনা সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে নায়েক সুবেদার (অব.) হারুন অর রশিদের লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
টাঙ্গাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন জানান, হারুন অর রশিদের ছেলে রুবেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। কয়েকদিন আগে হারুন ছেলেকে পুলিশে দেন। সোমবার তিনি নিজেই রুবেলকে জামিনে বের করে আনেন।
রাতে বাবা ও ছেলে একই ঘরে ঘুমাতো। বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ শেষে হারুনকে রাস্তায় হাঁটতে দেখা গেছে বলে প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছে।
তবে গ্রেপ্তারকৃত রুবেল পুলিশকে জানিয়েছে, সে বাজার থেকে নাস্তা করে বাসায় ফিরে দেখতে পায় তার পিতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
হারুনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৯০৮ ঘ.
bdnews24