২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মুক্তিযুদ্ধ জাদুঘর না হলে মিথ্যার ইতিহাস তৈরি হতো'

মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত না হলে মিথ্যার ইতিহাস গড়ে উঠত বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী একে খন্দকার বীরউত্তম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2011, 12:15 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত না হলে মিথ্যার ইতিহাস গড়ে উঠত বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী একে খন্দকার বীরউত্তম। বৃহস্পতিবার বারডেম হাসপাতাল মিলনায়তনে ইব্রাহিম স্মারক স্বর্ণপদক ও ইব্রাহিম মেধা পুরস্কার-২০১১ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ধারক-বাহক হিসাবে ভূমিকা পালনের জন্য এবার মুক্তিযুদ্ধ জাদুঘরকে ইব্রাহিম স্মারক স্বর্ণপদক দেওয়া হয়েছে। ১৯৯৪ সাল থেকে দু'বছর পরপর বারডেম অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই পুরস্কার দেয়। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে মুক্তিযুদ্ধ জাদুঘর বিশেষ ভূমিকা পালন করছে উল্লেখ করে একে খন্দকার বলেন, "মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে বারবার বিক্রিত করার চেষ্টা করা হয়েছে। মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত না হলে দেশে মিথ্যার ইতিহাস গড়ে উঠত।" মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর সম্মাননা স্মারক গ্রহণ করেন এবং ড. মোহাম্মদ ইব্রাহিম স্মারক বক্তৃতা দেন। একে খন্দকার বলেন, বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. মোহাম্মদ ইব্রাহিম নিজে স্বপ্ন দেখতেন, অন্যকে স্বপ্ন দেখাতেন। "অন্যন্যসাধারণ এই মানুষটি মানব স্বাস্থ্যের উন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন। ফলে অনেক গরীব মানুষ অল্প খরচে বারডেম হাসপাতালে চিকিৎসা নিতে পারছেন।" তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসের আলোকে জীবন গড়তেও আহ্বান জানান সেক্টর কমান্ডার ফোরামের সদস্য খন্দকার। গত তিন বছরে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত বারডেম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মকর্তা-কর্মকারীদের ৪২ জন ছেলে-মেয়েকে ইব্রাহিম মেধা পুরস্কার দেওয়া হয়। বারডেম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মীর নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ খান, মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, যুগ্ম-মহাসচিব সারওয়ার আলী, বারডেম ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন ও বারডেম হাসপাতালের অতিরিক্ত মহাপরিচালক নাজমুন নাহার বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/১৮১৫ ঘ.