পঞ্চগড়, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের দারারহাট গ্রামে কালাজ্বর বিশেষজ্ঞ দল কাজ শুরু করেছে।
বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে গ্রামের ১২ জনের দেহে কালাজ্বরের জীবাণু রয়েছে বলে সন্দেহ করছেন। শুক্রবার আরো পরীক্ষা-নিরীক্ষার (আরডিটিআরকে-৩৯) পর তাদের কালাজ্বরের বিষয়টি নিশ্চিত করা যাবে বলে জানান চিকিৎসকরা।
বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল এসব রোগীদের চিহ্নিত করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সঙ্গে ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. আব্দুর রহিম ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহকারী রেজিস্ট্রার ডা. সুপ্রিয় সরকার দারারহাট কমিউনিটি ক্লিনিকে প্রায় ১০০ লোককে নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করেন। এদের মধ্যে তারা ১২ জনকে কালাজ্বরের সন্দেহভাজন রোগী বলে সনাক্ত করেন।
এছাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের পরামর্শে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন এমন আরো ১৯ জন কালাজ্বর আক্রান্ত রোগীকেও দেখেছেন বিশেষজ্ঞরা।
দেবীডুবা ইউনিয়নের দারারহাট কালাজ্বর প্রভাবিত গ্রামগুলোর মধ্যে অন্যতম। সোমবার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গ্রামের যামিনী কুমার রায়ের (৫০) মৃত্যু হয়। এতে ওই গ্রাম ও আশপাশের গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বর্তমানে কালাজ্বরে আক্রান্ত ৪২ জন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। এদের মধ্যে ৮ জনকে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে এবং অন্যদের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে বলে জানান ডা. মাসুদ।
কালাজ্বর বিশেষজ্ঞ ডা. আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যতটা বলা হচ্ছে পরিস্থিতি ততটা খারাপ না। লোকজন আসলে বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।"
বর্তমানে সে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। গ্রামের লোকজন এখন বেশ সচেতন বলে জানান ডা. রহিম।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ কে এম বদরুজ্জামান বলেন, আগের চেয়ে পরিস্থিতি অনেকটা ভালো।
হাসপাতালে চিকিৎসাধীন দারারহাটের তিলক রায় (৩২) জানান, তিনিসহ তার স্ত্রী সইব্বা (২৫) ও মেয়ে বৃষ্টি (৩) ২২ দিন ধরে কালাজ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
একই গ্রামের মালতি রাণী (২০) ও তার দেড় বছর বয়সী ছেলে দেবাশীষ প্রায় ৩ সপ্তাহ ধরে চিকিৎসাধীন আছেন।
বিশেষজ্ঞরা তাদের দেখেছেন এবং চিকিৎসা ভালোভাবে চলছে বলে তারা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৮০০ ঘ.
bdnews24