সাভার, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়া থানায় এক রাতে দুই শিক্ষকের বাড়িতে ডাকাতি হয়েছে।
বুধবার গভীর রাতে থানার নলাম গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, গভীর রাতে সাভার ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুলের শিক্ষক শেখ সিরাজুল ইসলাম ও তার ভাই আলহাজ জাফর ব্যাপারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
তিনি জানান, ১০-১৫ জন ডাকাত দুই ভাগে বিভক্ত হয়ে একই সময়ে পাশাপাশি দুই বাড়িতে হানা দেয়। তারা কৌশলে ঘরের দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে। এরপর বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবিদ হোসেন খান জানান, ডাকাতরা সিরাজুল ইসলামের বাড়ি থেকে নগদ ৫০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার এবং আনোয়ার হোসেনের বাড়ি থেকে নগদ ২০ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী লুটে নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫১৮ ঘ.
bdnews24