ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভার থেকে জঙ্গি সংগঠন হুজির দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছে বোমা ও বিস্ফোরক উদ্ধারের কথাও জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারকৃত দুজন হলেন- মো. আব্দুস সামাদ (৩৯) ও মো. আশরাফুল ইসলাম (৩০)। সামাদ দলের সিলেট জেলার এবং আশরাফ পাবনার ইশ্বরদী থানার সাধারণ সম্পাদক বলে র্যাব জানিয়েছে।
নিষিদ্ধ সংগঠন হরকাত-উল জিহাদ আল ইসলামী বাংলাদেশের (হুজি) এ দৃুই নেতাকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়।
র্যাব সদর দপ্তরে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে র্যাবের মিডিয়া ও লিগ্যাল উইংয়ের পরিচালক মো. সোহায়েল জানান, নবীনগর বাস স্ট্যান্ড থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যে আশুলিয়ার কলমা গ্রামে অভিযান চালিয়ে বোমা ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
কলমা গ্রামে যে বাড়িতে বোমা পাওয়া যায়, তা হুজি সদস্য নাজমুলের বলে র্যাব জানিয়েছে। তবে তাকে গ্রেপ্তার করা যায়নি।
ওই বাড়িতে ৪০টি হাতবোমা, গ্রেনেডের ৪১টি খোলস, নাইট্রিক এসিডসহ বিভিন্ন রাসায়নিক পাওয়া যায়।
সোহায়েল বলেন, ঢাকাসহ সারাদেশে ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে নাশকতা সৃষ্টি করে ফায়দা নেওয়ার জন্যই সংগঠিত হচ্ছিলো হুজি সদস্যরা।
ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে জঙ্গি সংগঠনের নেতাকর্মীদের যোগাযোগ রয়েছে বলে দাবি করেন র্যাব কর্মকর্তা।
মুফতি ফজলুল হক আমিনী নেতৃত্বাধীন ইসলামী আইন বাস্তবায়ন কমিটির হরতালের দিন এক পুলিশ কর্মকর্তাকে লাথি মারার বিষয়টি তুলে ধরে সোহায়েল বলেন, "ওই ফ্লাইং কিক দেখলে বোঝা যায় যে তারাও (হরতালকারী কর্মী) প্রশিক্ষণপ্রাপ্ত।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এমআই/১৪৪২ ঘ.
bdnews24