লালমনিরহাট, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় আট জন চেয়ারম্যান প্রার্থী ও ২৮ জন সদস্য প্রার্থীকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রার্থীদের কাছ থেকে এক লাখ ১২ হাজার টাকা জরিমানা আদায় করে। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন-অর-রশীদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার বলেন, আচরণবিধি লঙ্ঘন করায় বাউরা ও জোংড়া ইউনিয়নের আট জন চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৪০ হাজার এবং ২৮ জন সাধারণ সদস্য প্রার্থীর কাছ থেকে ৭২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পাটগ্রাম থানার ওসি মুরশিদুল করিম মোহাম্মদ ইসতেশাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে দেখা যায় প্রার্থীরা ছোট ছোট জনসভার আয়োজন করেছে। তারা দেয়ালে পোস্টার লাগিয়েছে এবং রঙিন ব্যানার ব্যবহার করেছে।
আট চেয়ারম্যান প্রার্থী হলেন- বাউরা ইউনিয়নের হাবীবুল হক বসুনীয়া, নূর আহম্মেদ, আবুল কালাম আজাদ বসুনীয়া। জোংড়া ইউনিয়নের হুমায়ন কবীর, শাহ মাহমুদুন্নবী, সৈয়দ নুর আলম খন্দকার মিন্টু, আশরাফ আলী ও আনোয়ার হোসেন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) জনসভা, মিছিল ও সভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা রয়েছে নির্বাচন কমিশনের। এতে শুধু বাড়ি বাড়ি যেয়ে প্রচারণা চালানোর সুযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮৩৬ ঘ.
bdnews24