মাদারীপুর, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচরে একটি নির্মাণাধীন ঘাট ধসে এক শ্রমিক নিহত হয়েছে। এ দুর্ঘটনার পর ইমারত শ্রমিকদের অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ ছিলো।
বুধবার সকালে দত্তপাড়া ইউনিয়নের আর্য দত্তপাড়া গ্রামে পলান বাড়ির পুকুরে নির্মাণাধীন ঘাটটি ধসে পড়ে বলে শ্রমিকরা জানায়। নিহত শ্রমিকের নাম রহিম মল্লিক (২০)।
দত্তপাড়া ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আড়াই লাখ টাকা ব্যয়ে ১৬ ফুটের ওই ঘাটটি নির্মাণ করছে জেলা পরিষদ।
"সকালে ঘাটলার নির্মাণ শ্রমিক রহিম মল্লিক ঘাটের নিচের সেন্টারিং খোলার সময় এটি ধসে পড়ে। চাপা পড়েন রহিম। এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করা হয়।"
স্থানীয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, রহিম মারা গেছেন।
স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণেই ঘাটটি ধসে পড়েছে। তবে এ বিষয়ে প্রশাসনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
দত্তপাড়ার সাবেক ইউপি সদস্য তৈয়ব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণেই এই নির্মাণ শ্রমিকের প্রাণহানির ঘটনা ঘটেছে।"
রহিম ওই এলাকার আশরাফ মল্লিকের একমাত্র সন্তান। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন বলে তৈয়ব জানান।
এদিকে রহিমের মৃত্যুর পর স্থানীয় ইমারত শ্রমিকরা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে।
মহাসড়ক পুলিশের পাঁচ্চর ফাঁড়ির উপপরিদর্শক মো. আসাদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে পুলিশ গিয়ে তাদের শান্ত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২০ ঘ.
bdnews24