২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ পিটিয়ে আসামি ছিনতাই, পরে গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে মাদকসহ গ্রেপ্তার এক ব্যক্তিকে ছিনিয়ে নিয়েছে নিয়েও শেষ রক্ষা করতে পারেনি তার সহযোগীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2011, 09:51 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

নারায়ণগঞ্জ, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে মাদকসহ গ্রেপ্তার এক ব্যক্তিকে ছিনিয়ে নিয়েছে নিয়েও শেষ রক্ষা করতে পারেনি তার সহযোগীরা। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জাঙ্গালিয়া বাজারে গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। বুধবার অভিযান চালিয়ে ওই ব্যক্তিসহ চার জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাতে জাঙ্গালিয়া বাজারে খাগকান্দা পুলিশ ফাঁড়ির এসআই নাসির সিরাজীর নেতৃত্বে সাদা পোশাকে একদল পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ আলাউদ্দীন নামে এক জনকে গ্রেপ্তার করে। আলাউদ্দিনকে অটো রিকশায় করে নিয়ে আসার সময় তার মেয়ে রুনা ও সাথী 'ডাকাত-ডাকাত' চিৎকার করলে স্থানীয়রা পুলিশকে আটকে ফেলে। ওই সময় হাতকড়াসহ আলাউদ্দীন পালিয়ে যান বলে পুলিশ জানায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার পুলিশ সদস্য ও পুলিশের অটোরিকশার চালককে উদ্ধার করে। এরপর বুধবার দুপুরে আলাউদ্দিনসহ চার জনকে গ্রেপ্তার করা হয় বলে ওসি জানান। স্থানীয়দের মারধরে চার পুলিশ সদস্য খাগকান্দা ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাসির সিরাজী, কনস্টেবল মাসুদ খান, রবিউল ইসলাম, জহিরুল ইসলাম এবং অটোরিকশাচালক মোমেন মিয়া (২৭) আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসা দেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- আলাউদ্দীন (৫০), ওবায়দুল ইসলাম (৪৫), আমানউল্লাহ (২৮) এবং আরিফ (১৮)। পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এসআই নাসির সিরাজি ১৪ জনের নাম উল্লেখসহ দেড়শতাধিক লোককে আসামি করে মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫৫৫ ঘ.