ভোলা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলায় অগ্নিকাণ্ডে ১৪টি মুড়ির দোকান পুড়েছে। শহরের খাল পাড় সড়কে মুড়ি পট্টিতে বুধবার ভোররাতে এ অগ্নিকাণ্ড ঘটে।
অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী মো. মোতাসিন ও ব্যবসায়ী পলু বাবু, আবুল কাসেম, মো. বাবুল, ইন্দ্রজিত দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৪টার দিকে খালপাড় সড়কের একটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা চারপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। প্রথমে ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে অগ্নি নির্বাপক বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে মোতাসিন, খোকন, কাসেম, বাদল, ইন্দ্রজিৎ, সুনিল, কালাম, জসিম, দীপক, বিরাজ ও ইসহাকের মুড়ির দোকান পুরোপুরি পুড়ে গেছে। এছাড়া একটি খাবার হোটেল ও একটি মনোহারি দোকানও পুড়েছে।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ১০ লাখ টাকা বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দীপক চন্দ্র জানান, তার দোকানের নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।
ভোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. শাহাবুদ্দিন সাংবাদিকদের বলেন, কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়-ক্ষতির পরিমাণও নির্ধারণ করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/১২৩৫ ঘ.
bdnews24