সুবীর রায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
খুলনা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নেই, কাজ নেই, খাবার পানি নেই। নেই স্কুল ঘরও। ঘূর্ণিঝড় আইলা আঘাত হানার পর দুই বছর পার হয়ে গেলেও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুর্গত মানুষের কষ্ট শেষ হয়নি।
এখনো গৃহহারা অনেকেই বাস করছে বেড়িবাঁধে। খাবার পানির সঙ্কট তীব্র। অমাবস্যা ও পূর্ণিমায় বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে লবণাক্ত পানি ঢোকায় ব্যাহত হচ্ছে চাষাবাদ।
২০০৮ সালের ১৫ নভেম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় সিডরের ছয় মাসের মধ্যেই আঘাত হানে আইলা।
২০০৯ সালের ২৫ মে এই ঘূর্ণিঝড়ে খুলনা, সাতক্ষীরা, বরিশাল, নোয়াখালী, ভোলা, পটুয়াখালী, লক্ষ্মীপুর, নরসিংদী, চাঁপাইনবাগঞ্জ, কক্সবাজার, মাগুরা, নঁওগাঁ, রংপুর ও রাজশাহীতে প্রায় দু'শ মানুষের মৃত্যু হয়। নিখোঁজ থাকে আরো কয়েকশ'।
পরপর দুটি ঘূর্ণিঝড়ে অধিকাংশ বেড়ি বাঁধ বিধ্বস্ত ক্ষতিগ্রস্ত হওয়ায় দক্ষিণের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে তৈরি হয় জলাবদ্ধতা। লোনা পানির এই অভিশাপে সৃষ্টি হয় এক মানবিক সংকট।
গত দুই বছরে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নিজেদের বসতভিটায় ফিরতে পারেননি অনেকেই। পাতাখালী, চুইবাড়িয়া ও নলিয়ানের বিধ্বস্ত বাঁধগুলি সংস্কার না হওয়ায় জোয়ারভাটায় নদীর পানি ওঠানামা করছে প্রতিদিনই।
খুলনা জেলা প্রশাসক মো. জমসের আহাম্মদ খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইলাদুর্গত এলাকায় সরকারি-বেসরকারি পর্যায়ে ত্রাণ বিতরণ করা হয়েছে। গৃহনির্মাণ অনুদান, খাদ্য ও সুপেয় পানি সরবরাহ, কৃষকদের মাঝে সার ও বীজ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের বিভিন্ন ঋণের সুদও মওকুফ করা হয়েছে।
উপকূলীয় অঞ্চলে স্বাভাবিক অবস্থা ফিরে আসতে শুরু করেছে বলেও দাবি করেন তিনি।
তবে বহু মানুষের কাছে সেই ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচির সুফল পৌঁছেনি এখনো। খুলনার দাকোপ উপজেলার কামারখোলা, জয়নগর, ভিটেভাঙ্গা, শিবনগর, শ্রীনগর, গুনারী, সুতারখালী, কালিবাড়ি, গোলবুনিয়া, কালাবগী, নলিয়ান, কয়রা উপজেলার দক্ষিণ বেতকাশি, মহারাজপুর, মঠবাড়িয়া, পাথরখালী, শ্রীরামপুর, তেতুলতলা, নয়ানি, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঝাঁপা, চাউলখোলা, চাঁদনিমুখা, খলিশাবুনিয়া, লেবুখালী, গাগড়ামারী, খোলপেটুয়া, পাখিমারা, চকবারা, পদ্মপুকুর, চুইবাড়িয়া গ্রামে বহু মানুষ এখনো অবস্থান করছেন বাঁধে। তাদের ঘর নেই, জমি নেই, কাজ নেই। খাবার পানিও নেই।
খুলনার দাকোপ উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার এলাকায় অল্প কিছু মানুষ কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) ও ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির সঙ্গে জড়িত রয়েছে।
এছাড়া দুর্গত এলাকায় খোলা বাজারে বিক্রির (ওএমএস) চাল এবং ভিজিএফ, ভিজিডি'র চাল দেওয়াও বন্ধ রয়েছে।
আবুল হোসেন আরো বলেন, গৃহ নির্মাণের প্রথম কিস্তিতে পরিবার প্রতি ১২ হাজার টাকা বিতরণ করা হলেও নাম নিয়ে জটিলতায় অনেক পরিবার এখনো সে টাকা পায়নি।
দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিএম আশরাফ হোসেন জানান, তার ইউনিয়নে প্রতিদিন খাবার পানির প্রয়োজন এক লাখ লিটার। সে তুলনায় পাওয়া যাচ্ছে সামান্যই।
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম জানান, তার ইউনিয়নের বিশাল একটি অংশ বিশুদ্ধ খাবার পানি পচ্ছে না।
রূপান্তর নামের একটি বেসরকারি সংস্থার দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয়কারী ফারুক আহমেদ জানান, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের উপদ্রুত এলাকার ২০ লাখ মানুষের সুপেয় পানির জন্য রয়েছে মাত্র ৫৫টি নলকূপ। অনেকেই নদীর পানি খেতে বাধ্য হচ্ছে।
কয়রার প্রয়াত আজিজ গাজীর স্ত্রী বৃদ্ধা আমিরন বিবি আইলায় সবকিছু হারিয়ে এখনো বাঁধের ওপর ছেলেমেয়ে নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গত দুই বছর বাঁধের উপর বাস করলেও কেউ তাদের খোঁজ রাখেনি। কোনো অর্থিক সহয়তাও তারা পাননি।
"আমার বয়স হয়েছে। কাজ করতে পারি না। মেয়ে জ্যোৎস্না শ্রমিকের কাজ করে কোনো রকমে সংসার চালায়," বলেন তিনি।
শ্যামনগরের চুইবাড়িয়া গ্রামের কৃষক নজরুল ইসলাম জানান, সিডর আর আইলার পর তিনি আর জমিতে ফসল ফলাতে পারেননি। অতিকষ্টে এখন সংসার চালাতে হচ্ছে। বাঁধের সংস্কার না হওয়ায় জোয়ারের পানি ঢুকছে নিয়মিত। ফলে এখনো নিজের ভিটায় ফিরতে পারেননি তিনি। পরিবার নিয়ে বাঁধের ওপরেই বসবাস করছেন।
দাকোপের গুনারী গ্রামের কৃষক আব্দুল মজিদ মীরও বাস করছেন বাঁধের উপর।
তিনি বলেন, সরকারিভাবে গৃহ নির্মাণের জন্য ২০ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও উপজেলা প্রশাসন ওই টাকার মধ্য প্রথম কিস্তির ১২ হাজার টাকা দিয়েছে। কিন্তু বর্তমান বাজারমূল্যে ওই টাকায় ঘর তোলা সম্ভব না হওয়ায় কোনোভাবেই আর ঘরে ফেরা হচ্ছে না তার।
পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, আইলায় খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার ৩৮টি পোল্ডারের সবই কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এক হাজার ৬৫১ কিলোমিটার বেড়িবাঁধের মধ্য ৬৮৪ কিলোমিটার আংশিক ও বাকিটা পুরোপুরি বিধ্বস্ত হয়। ৬৩৯টি স্লুইস গেটের মধ্যে ১০৯টি অকেজো হয়ে যায়।
এর মধ্যে ৩৩টি পোল্ডারের ২৫০ কিলোমিটার অংশ মেরামত করা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/কেএমএস/জেকে/০০০১ ঘ.
bdnews24