হবিগঞ্জ, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফুটবল খেলা নিয়ে কথা কাটাকাটির জের ধরে হবিগঞ্জ সদর উপজেলায় সোমবার সন্ধ্যায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার জালালাবাদ ও নোয়াগাঁও গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে ১৫ রাউন্ড রাবার বুলেট ছোঁড়া হয়।
হবিগঞ্জের পুলিশ সুপার কামরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নোয়াগাঁও-জালালাবাদ মাঠে ফুটবল খেলার শেষ দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় দুই গ্রামের বাসিন্দারা।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাত পৌনে ৮টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে সদর থানা পুলিশ।
আহতদের মধ্যে পারভেজ (২৫), শিরিন (২৭), জিন্নত আলী (৬০), ধলাই মিয়া (৬০), আলকাছ (৫৫), রুহুল আমিন (১৮), সুমন (১৪), আউয়াল (২৫), আব্দুর রউফ (৩৫), জিতু মিয়া (২২), রাহিদ (৩৫), আলীম (৩৫), সাদেক (১৭), শাহজাহান (২০), হামিদ (২৪), মুজিবুর রহমান (১৪), মতিউর রহমান (৪৮), রকিবুল (২৮), নুরুল হাসান (১৮), দিলু (৪৫), শুকুর চান (৪০), মুতি মিয়া (৪৮), শাজন (৫০) ও মিয়াধনকে (২০) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/২৩০৩ ঘ.
bdnews24