ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ভাষানটেকের এক ব্যবসায়ী দাবি করেছেন, তেজগাঁয়ের নাখালপাড়ায় তার জমি অবৈধভাবে দখল করে ইমপালস মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের কাজ করা হচ্ছিল।
গত শনিবার ওই জমিতে ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের সময় ধস নামলে আশেপাশের বেশ কয়েকটি ভবনে ফাটল দেখা দেয়।
ওই জমির মালিকানা দাবি করে সোমবার দুপুরে ঢাকার কোর্ট রিপোর্টাস অ্যসোসিয়েশন কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ভাষানটেকের ব্যবসায়ী মো. রমিজ উদ্দিন খান। তার পক্ষে আইনজীবী দুলাল মিত্রও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, "এই জায়গাটি ইমপালস মেডিকেল কলেজ হাসপাতালের নয়। জায়গাটি দখল করে হাসপাতাল কতৃর্পক্ষ নির্মাণ কাজ চালাচ্ছিল।"
ওই জমি নিয়ে তিনটি মামলা আদালতে বিচারাধীন বলেও জানান তিনি।
শনিবারের ওই ঘটনায় রাজউক ও এলাকাবাসীর পক্ষ থেকে ভবন মালিক ও প্রকৌশলীদের বিরুদ্ধে আটটি মামলা দায়ের করা হয়েছে। ইমপালস মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন ডা. আলী জহির আল আমিন। ভবনটি নির্মাণ করছে ইসলামিক ট্রেড কনসোর্টিয়াম লিমিটেড (আইটিসিএল)।
সংবাদ সম্মেলনে রমিজ বলেন, ২০১০ সালের জুন মাসে তার মালিকানাধীন জমিতে 'ইমপালস হেলথ অ্যান্ড রিসার্চ সেন্টার লিমিটেড' এর সাইনবোর্ড ঝুলিয়ে ভবনের নির্মাণ কাজ শুরু করেন ডা. আল আমিন।
এ বিষয়ে তেজগাঁও থানায় একটি ও আদালতে দুটি মামলা করেন রমিজ। ডা. আল আমিনসহ কয়েকজনকে আসামি করা হয় এসব মামলায়।
রমিজ বলেন, ফৌজদারি মামলায় তেজগাঁও শিল্পাঞ্চল থানা ডা. আল আমিনকে কয়েক দফা হাজির হতে বললেও তিনি যাননি। বরং ডা. আল আমিন ও তার লোকজন প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
রমিজের দাবি, এই এলাকায় একই খতিয়ানে তার আরো জমি অবৈধভাবে দখল করে রেখেছে গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/সিএস/জেকে/২২৫১ ঘ.
bdnews24