বাগেরহাট, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত দুজনের পরিচয় মিলেছে।
এরা হলেন- বাগেরহাটের রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের সোনাতুনিয়া গ্রামের মো. আব্দুল হালিম হাওলাদার (৪১) এবং পাথরঘাটা উপজেলার তাফালবাড়ি গ্রামের কুদ্দুস ফকির।
পুলিশ জানায়, সোমবার সকালে পত্রিকায় প্রকাশিত ছবি দেখে হালিমের লাশ সনাক্ত করেন তার স্ত্রী মঞ্জু বেগম। এর আগে রোববার বিকেলে কুদ্দুসের লাশ সনাক্ত করেন তার ভাই মুনসুর ফকির ও ছেলে আলতাফ ফকির।
শনিবার সকালে শরণখোলা রেঞ্জের ডিমের চর এলাকায় র্যাব ও কোস্ট গার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে এই দুজন নিহত হন। এ সময় ওই চর থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
মঞ্জু বেগমের প্রতিবেশী ওমর আলী ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হালিমকে ১৫ দিন আগে সকালে রামপাল-মংলা সড়কের ভরসাপুর এলাকা থেকে সাদা পোশাকধারী একদল লোক ধরে নিয়ে যায় বলে স্থানীয় লোকজন তাকে জানায়। কিন্তু এ ঘটনা তারা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানাননি অথবা রামপাল থানায় কোনো সাধারণ ডায়েরি করেননি।
তিনি জানান, হালিম ছয় মাস আগে খুলনার একটি হিমায়িত খাদ্য রপ্তানীকারক প্রতিষ্ঠানের কাজ ছেড়ে এসে সাগরে মাছ ধরতে চলে যায়। সেখান থেকে ফিরে এসে একটি নতুন নছিমন কিনে মংলা-খুলনা মহাসড়কে চালিয়ে জীবিকা নির্বাহ করছিলো।
শরণখোলা থানার উপ-পরিদর্শক মুস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেওয়ারিশ হিসেবে লাশ ইতিমধ্যে বাগেরহাটে দাফন করেছে আঞ্জুমান মফিদুল ইসলাম। লাশ চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করলে ব্যবস্থা নেয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৯৪১ ঘ.
bdnews24