২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর, শিবগঞ্জ ও নাচোলে বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে এক জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2011, 04:34 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

চাঁপাইনবাবগঞ্জ, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর, শিবগঞ্জ ও নাচোলে বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে এক জন। তিন ঘটনায়ই সোমবার ভোরে ঘটেছে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। নাচোলের ঘটনাটি ঘটে ফতেপুর ইউনিয়নের সালালপুর গ্রামে। মৃতের নাম বাইরুল ইসলাম (৩৫) বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন নাচোল থানার ওসি সাঈদুল ইকবাল। শহরের ঘটনাটি ঘটেছে পৌর এলাকার দুর্গাপুর মহল্লায়। সদর থানার সহকারী উপপরিদর্শক সারোয়ার হোসেন জানান, দুর্গাপুর মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র ওসমান গনি (১৫) আম কুড়াতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়। আবু হানজালা ( ৯) নামে ওসমানের এক সঙ্গী আহত হয়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিবগঞ্জের ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে বজ্রপাতে মারা যান আব্দুল মান্নান (৩৫)। স্থানীয় ইউপি চেয়ারম্যান তাবারিয়া চৌধুরী জানান, বিল ভাতিয়া লাচ্ছু এলাকায় ধান কাটার সময় বাজ পড়ে ঘটনাস্থলেই মারা যান মান্নান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৩০ ঘ.