ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আদাবরে রোববার বিকালে পুলিশের পিটুনিতে এক দিনমজুর জখম হওয়ার অভিযোগ করেছে স্থানীয়রা।
এই ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী দুই 'পুলিশ সদস্য'সহ তিনজনকে প্রায় দুইঘণ্টা আটকে রাখে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
আহত মো. সিরাজ (৫৫) একজন দিনমজুর বলে স্থানীয়রা জানায়। তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্র্তি করা হয়েছে।
তবে এক পুলিশ কর্মকর্তা দাবি করেন, এই ঘটনায় পুলিশ জড়িত নয়। জনতার রোষ থেকে শুধু পুলিশ পরিচয়দানকারী একজনকে উদ্ধার করা হয়েছে।
আদাবরের বাসিন্দা মো. ফজলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যার কিছু আগে আদাবরের কমফোর্ড হাউজিং-এর ১৭সি সড়কের শেষ মাথায় খোলা জায়গায় চারজন তাস খেলছিল। এ সময় সাদা পোশাকের তিন ব্যক্তি সেখানে গেলে তারা তাস খেলা ছেড়ে পালিয়ে যায়। ওই সময় ওখানে দাঁড়িয়ে ছিলেন দিনমজুর মো. সিরাজ।
সাদা পোশাকে আসা ব্যক্তিরা কোনো কথা না শুনেই সিরাজকে প্রচণ্ড মারধর শুরু করে। এতে তার একটি হাত ভেঙে যায়।
মো. ফজলু আরো বলেন, এ সময় বিক্ষুব্ধ লোকজন ধাওয়া করলে তারা একটি টিনশেড ঘরে আশ্রয় নেয়। তাদের মধ্যে দুইজন নিজেদের পুলিশ কনস্টেবল বলে পরিচয় দেয়।
প্রায় দুইঘণ্টা পর আদাবর থানার পুলিশ এসে বিচারের আশ্বাস দিয়ে ওই তিনজনকে জনতার রোষ থেকে উদ্ধার করে।
এ ব্যাপারে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার বিপ্লব কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভুয়া পুলিশ পরিচয়দানকারী সিদ্দিক নামে একজন এই ঘটনা ঘটিয়েছে। ঘটনাস্থল থেকে শুধু তাকেই উদ্ধার করে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ঘটনায় পুলিশ সদস্য জড়িত থাকার কথা ঠিক নয় বলেও তিনি দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ডিডি/০০০০ ঘ.
bdnews24