চট্টগ্রাম, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরীসহ ১৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
রোববার চট্টগ্রামের মুখ্য বিচার বিভাগীয় হাকিম ফরিদা ইয়াসমিন এ আদেশ দেন।
এর আগে উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বারসহ ১৭ আসামি আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন।
আদালত পরিদর্শক মোল্লা অবদুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনের সময় উপজেলার দোহাজারীর ঈদ পুকুরিয়া গ্রামে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষে যুবলীগ নেতা রমিজ উদ্দিন নিহত হন।
ওই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে তৎকালীন বিএনপি নেতা আবদুল জব্বার চৌধুরীসহ ১৭ জনকে আসামি করে চন্দনাইশ থানায় মামলা করেন।
আবদুল জব্বার বর্তমানে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে যুক্ত আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/ডিডি/২১৪৪ ঘ.
bdnews24