ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শান্তিনগরে বহুতল ভবন থেকে পড়ে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে।
রোববার সন্ধ্যা ৭টার দিকে আলামিন টুইন টাওয়ারের অষ্টমতলা থেকে কোহিনূর বেগম (১৪) নামে ওই গৃহকর্মী পড়ে যায়। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গৃহকর্তা পল্লীবিদ্যুতের সাবেক উপ-পরিচালক ফজলী এলাহী হাসপাতালে সাংবাদিকদের বলেন, ১৩ তলা ভবনের ৮ তলায় তারা থাকেন। বারান্দায় কাজ করার সময় নিচের দিকে তাকাতে গিয়ে গ্রিলের ফাঁকা অংশ দিয়ে কোহিনূর পড়ে যায়।
৬ মাস ধরে কোহিনূর এ বাসায় গৃহকর্মীর কাজ করছিলো বলেও জানান তিনি।
ঢামেক ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককে জানান, বিষয়টি পল্টন থানায় জানানো হয়েছে।
নিহতের গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২০২১ ঘ.
bdnews24