২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি পুনর্বাসন বিল সংসদে

বিনা অনুমতিতে আশ্রয়কেন্দ্র ত্যাগ করলে শস্তির সুপারিশ রেখে 'ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) বিল ২০১১' জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 02:14 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনা অনুমতিতে আশ্রয়কেন্দ্র ত্যাগ করলে শস্তির সুপারিশ রেখে 'ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) বিল ২০১১' জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। নবম জাতীয় সংসদের নবম অধিবেশনের প্রথম দিন রোববার সমজাকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বিলটি উত্থাপন করেন। বিরোধী দলের অনুপস্থিতিতেই বিকাল সোয়া ৪টায় সংসদের অধিবেশন শুরু হয়। বিলটি পরীক্ষা-নিরীক্ষা করার জন্য সংসদীয় স্থায়ী কমিটিকে তিন সপ্তাহের সময় দেওয়া হয়েছে। ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) বিলের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখা করতে গিয়ে মন্ত্রী বলেন, এ ধরনের লোকজন সমাজে ভিক্ষাবৃত্তি থেকে শুরু করে মাদক চোরাচালান ও চুরি-ডাকাতির সঙ্গে জড়িয়ে পড়ছে। তাদের জনশক্তি হিসেবে কাজে লাগানো যাচ্ছে না। এতে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিরূপ প্রভাব পড়ছে। জাতীয় উন্নয়নের স্বার্থে এই জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় যুক্ত করা প্রয়োজন বলে মন্তব্য করেন এনামুল হক। প্রস্তাবিত আইনে সমাজকল্যাণ সচিবকে প্রধান করে একটি উপদেষ্টা বোর্ড গঠনের কথা বলা হয়েছে। বিলটি পাস হলে নিরাশ্রয় ব্যাক্তিদের পুনর্বাসনে ঢাকাসহ দেশের অন্যান্য জেলায় আশ্রয় ও পুনর্বাসন কেন্দ্র খোলা হবে। কোনো ব্যক্তি আশ্রয়কেন্দ্রে আসার পর দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবেন। চাকরি পেলে, নিজের প্রয়োজন অনুযায়ী অর্থ উপর্জনের মতো দক্ষতা অর্জন করলে অথবা স্বজনরা তার দায়িত্ব নিলে তিনি আশ্রয়কেন্দ্র ত্যাগ করতে পারবেন। বিনা অনুমতিতে কেন্দ্র ত্যাগ করলে তিন মাসের কারাদণ্ড দেওয়ার কথাও বলা হয়েছে প্রস্তাবিত বিলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/২০০৭ ঘ.