২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিমনের বিষয় তদন্তে আরো সময় চেয়েছে কমিটি

র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেনের পা হারানোর ঘটনা তদন্তে আরো সময় চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 02:10 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেনের পা হারানোর ঘটনা তদন্তে আরো সময় চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি চিঠি সচিব বরাবর পাঠানো হয়েছে। রোববার তদন্ত কর্মকর্তা বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. শওকত আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। গত ২৯ এপ্রিল থেকে তদন্ত কাজের জন্য ১৫ দিন সময় ধার্য করা হয়েছিল। নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন জমা না দিতে পারায় এ আবেদন করা হয়েছে বলে জানান তদন্ত কর্মকর্তা। ঝালকাঠীর রাজাপুর উপজেলার জমাদ্দারহাটে গত ২৩ মার্চ রাতে গুলিবিদ্ধ হন লিমন। তার বাম পা কেটে ফেলতে হয়েছে। লিমনের দাবি, র‌্যাব ধরে নিয়ে তাকে গুলি করেছে। ওই ঘটনায় লিমনের বিরুদ্ধে দুটি মামলা করে র‌্যাব। অন্যদিকে লিমনের মা হেনুয়ারা বেগম গত ১০ এপ্রিল র‌্যাবের ছয় সদস্যের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা করেন। তদন্তে আরো সময়ের প্রয়োজন কেন হচ্ছে জানতে চাইলে শওকত আকবর বলেন, এ পর্যন্ত তদন্তে প্রায় ১৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আরো কিছু লোকজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আরো সময় প্রয়োজন হওয়ায় এ আবেদন জানানো হয়েছে। তদন্তে এখনো লিমনকে জিজ্ঞাসাবাদ করা হয়নি উল্লেখ করে শওকত বলেন, ঘটনা তদন্তে লিমনকে কিছুদিনের মধ্যেই জিজ্ঞাসাবাদ করা হবে। লিমনের জিজ্ঞাসাবাদের পরপরই এ প্রতিবেদন জমা দেওয়া হবে। কত দিন সময় চাওয়া হয়েছে এ ব্যাপারে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা বলেন, কত দিন তা নির্ধারিতভাবে উল্লেখ করে আবেদন জানানো হয়নি। কেবল সময় চেয়ে আবেদন জানানো হয়েছে। গত ২৯ এপ্রিল থেকে তদন্ত কাজ চলছে জানিয়ে শওকত আকবর বলেন, তদন্ত প্রতিবেদন তৈরি করা প্রায় শেষের দিকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২০০৩ ঘ.