ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় উড়াল সড়কের জন্য ভূমি অধিগ্রহণ অধ্যাদেশ সংসদে উত্থাপন করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ ।
অধ্যাদেশ অনুযায়ী উড়াল সড়কের জন্য অধিগ্রহণকৃত ভূমি জনস্বার্থে প্রয়োজনীয় বলে বিবেচিত হবে।
অধিগ্রহণের জন্য নির্ধারিত ভূমিতে কেউ কোনো অবকাঠামো নির্মাণ করলে তার জন্য তাকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না। অধ্যাদেশের অধীনে সরকার কোনো পদক্ষেপ নিলে তার বিরুদ্ধে দেশের কোনো আদালতে কেউ অভিযোগ করতে পারবেন না।
নবম জাতীয় সংসদের নবম অধিবেশন রোববার বিকাল সোয়া ৪টায় শুরু হয়।
ঢাকায় উড়াল সড়ক নির্মাণের জন্য আন্তর্জাতিক অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান ইতালিয়ান-থাই ডেভলেপমেন্ট পাবলিকের সঙ্গে একটি চুক্তি এর আগেই করেছে সরকার।
২৬ কিলোমিটার দীর্ঘ চার লেনের এ উড়াল সড়কটি হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালি পর্যন্ত। বিমানবন্দর থেকে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, সাতরাস্তা, মগবাজার, কমলাপুর, খিলগাঁও ও গোলাপবাগ হয়ে যাবে সড়কটি।
গত ১২ মে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প (ভূমি অধিগ্রহণ) অধ্যাদেশ' ২০১১ জারি করে সরকার। কিন্তু এর মধ্যে সংসদে কোনো অধিবেশন না বসায় তা সংসদে ওঠেনি।
সংবিধানের ৯৩ অনুচ্ছেদের দুই নম্বর ধারা অনুযায়ী অধ্যাদেশ জারির পরবর্তী অধিবেশনে সংসদে তা উত্থাপনের বাধ্যবাধকতা রয়েছে।
৩০ এপ্রিল এ উড়ালসড়ক নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/১৮২৯ ঘ.
bdnews24