২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এভারেস্ট চূড়ায় এবার মুহিত

এক বছরের ব্যবধানে এভারেস্ট চূড়ায় দ্বিতীয় বাংলাদেশি হিসেবে উঠলেন এমএ মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 06:37 AM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক বছরের ব্যবধানে এভারেস্ট চূড়ায় দ্বিতীয় বাংলাদেশি হিসেবে উঠলেন এমএ মুহিত। বাংলা মাউন্টিয়ারিং অ্যান্ড ট্র্যাকিং ক্লাবের (বিএমটিসি) এ সদস্য শনিবার এভারেস্ট জয় করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের বহিঃপ্রচারণা বিভাগের মহাপরিচালক শামীম এহসান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকাস্থ নেপালি দূতাবাস গতকাল সন্ধ্যায় আমাদের জানিয়েছে, মুহিত এভারেস্ট জয় করেছেন।" বিএমটিসি'র প্রতিষ্ঠাতা ইনাম আল হকও মুহিতের এভারেস্ট জয়ের খবর জানিয়েছেন। গত বছরের ২২ মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম। তিনি দেশের পর্বতারোহীদের আরেক সংগঠন নর্থ আলপাইন ক্লাবের সদস্য। ইনাম আল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার সন্ধ্যায় নেপালের ডেপুটি চিফ অব মিশন কৃষ্ণচন্দ্র আড়িয়াল আমাকে ফোনে জানিয়েছেন, মুহিত এভারেস্ট জয় করেছে। এখনো মুহিতের সঙ্গে কথা হয়নি। কাল সোমবার অ্যাডভান্স বেসক্যাম্পে এলে তার সঙ্গে কথা হবে বলে আশা করছি।" ২০০৩ সালে বিএমটিসি প্রতিষ্ঠার পর ক্লাবের লক্ষ্য ছিলো ১০ বছরের মধ্যে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ জয় করা। মাত্র আট বছরেই তা অর্জিত হওয়ায় উচ্ছ্বসিত ইনাম। তিনি বলেন, "দেশের পর্বতারোহীরা চেষ্টা করলে সবই সম্ভব। মুহিত তা প্রমাণ করেছে।" গত বছর মুসা ইব্রাহিমের সঙ্গে যাত্রা করেও বিরূপ আবহাওয়ার কারণে ৮ হাজার ৮৪৮ মিটার উচ্চতার এভারেস্ট জয় না করেই ফিরতে হয়েছিলো মুহিতকে। ৪১ বছর বয়সি মুহিত একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। তার বাড়ি ভোলা জেলায়। ইনাম আল হকের দাবি, মুহিতই দেশের সেরা পর্বতারোহী। "অনেক সময় সেরা খেলোয়াড়টি হয়তো সেরা সময়ে জ্বলে উঠে না। তবে শেষ পর্যন্ত মুহিত তার সম্মানটুকু অর্জন করেছে। আমি ভীষণ আনন্দিত। অন্যরাও এতে দারুণ উৎসাহী হবে।" ইনাম জানান, সকাল থেকে ক্লাবে ভিড় জমিয়েছে পর্বতারোহীরা। সবাই আনন্দ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমএইচসি/এমআই/১২৩৫ ঘ.