খুলনা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা জেলা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট গোলাম মোস্তফা নবীর ওপর বোমা হামলার ঘটনায় পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করেছে।
এসময় পুলিশ ভারতে তৈরি দুটি শাটারগান ও রাইফেলের ৬ রাউন্ড গুলি উদ্ধার করে।
ফুলতলা থানার ওসি মো. ইলিয়াস ফকির জানান, শুক্রবার দিবাগত রাতে পাইকগাছা উপজেলার হানিরবিল এলাকায় একটি মৎস্য ঘেরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা বোমা হামলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো অভয়নগর উপজেলার ধুলগ্রামের নাসির শেখ (২৪), রানাগাতী গ্রামের বিদ্যুৎ সরকার (২২) ও শমসের শেখ (২৪) এবং ফুলতলা উপজেলার আলকা কারিকরপাড়ার শাহীন বিশ্বাস (২৪) এবং যশোর জেলার মনিরামপুর উপজেলার কুশলিয়া গ্রামের ব্রোজেন বিশ্বাস (৪৫) ও তার ছেলে সত্যজিত (২০)।
ওসি জানান, তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাত ৩টার দিকে যশোরের মনিরামপুর উপজেলার কুশুলিয়া গ্রামের ব্রোজেন বিশ্বাসের বাড়িতে অভিযান চালানো হয়। ওই বাড়ির গোয়াল ঘরের মেঝে খুড়ে দুটি শাটারগান ও রাইফেলের ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় মনিরামপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
ওসি জানান, নাসির ও বিদ্যুৎ ২০১০ সালের ২৫ সেপ্টেম্বর অ্যাডভোকেট গোলাম মোস্তফা নবীর ওপর গুলিবর্ষণ মামলার আসামি।
এ ছাড়া জিজ্ঞাসাবাদে নাসির, বিদ্যুৎ, শমসের ও শাহীন গত ১৫ মে গোলাম মোস্তফার ওপর বোমা হামলার কথা স্বীকার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১৪৩ ঘ.
bdnews24