বাগেরহাট, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জে র্যাব ও কোস্টগার্ডের সঙ্গে বনদস্যুদের 'বন্দুকযুদ্ধে' দুই ব্যক্তি নিহত হয়েছে।
শনিবার সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ডিমের চর এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়। ঘটনাস্থল থেকে ১৭টি আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব ও কোস্টগার্ড জানিয়েছে, নিহতরা বনদস্যু। তবে দুপুর পর্যন্ত তাদের পরিচয় জানাতে পারেনি।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট বদরুদ্দোজা সাংবাদিকদের জানান, শনিবার সকালে র্যাব-৮ এর একটি দল কোস্টগার্ডের কচিখালী অভয়ারণ্য ক্যাম্পে পৌঁছে আট সদস্যের একটি দল নিয়ে ডিমের চর এলাকায় অভিযান চালায়।
কোস্টগার্ডের পেটি অফিসার ইয়াকুব আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১১টার দিকে যৌথ দলটি ডিমের চর এলাকায় পৌঁছলে বনদস্যুরা তাদের ওপর গুলি ছোড়ে। এ সময় উভয় পক্ষে দেড় ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়।
এর পর দস্যুরা পিছু হটলে চর থেকে দুটি লাশ, দস্যুদের ফেলে যাওয়া একটি একনলা বন্দুক, সাতটি দেশি শাটারগান, নয়টি দেশি ওয়ানশুটার, চারটি রামদা, ৪২টি তাজা গুলি এবং ২৫টি বন্দুকের গুলির খোসা উদ্ধার করা হয় বলে কোস্টগার্ড জানিয়েছে।
র্যাব-৮ এর মেজর সাব্বির জানান, 'বন্দুকযুদ্ধের' পর উদ্ধার করা লাশ দুটির পরিচয় পাওয়া যায়নি।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দে জানান, সকাল ১১টার দিকে কচিখালী অভয়ারণ্য ক্যাম্পের বনকর্মীরা প্রায় ১০ কিলোমিটার দূরের ডিমের চর এলাকায় ব্যাপক গোলাগুলির শব্দ পায়।
বেলা সাড়ে ১২টার পর র্যাব-৮ এর একটি দল কচিখালী ক্যাম্প থেকে ক্যাম্প ইনচার্জ ফরেস্ট রেঞ্জার মো. নূরুল আমিনসহ কয়েকজন বনকর্মীকে ডিমের চরে নিয়ে যায়।
সেখানে উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও দুটি লাশের জব্দ তালিকা (সিজার লিস্ট) শেষে র্যাবের দলটি লাশ ও উদ্ধার করা আগ্নেয়াস্ত্রসহ ট্রলারযোগে বাগেরহাটের শরণখোলা থানার উদ্দেশে রওয়ানা হয়। বনকর্মীরা নিহতদের সনাক্ত করতে পারেনি।
শরণখোলা থানার ওসি মো. আজিজুল হক জানান, র্যাব-৮ এর পক্ষ থেকে দুপুর দেড়টার দিকে শরণখোলা থানায় পুলিশ চেয়ে পাঠালে দুপুর আড়াইটার দিকে ট্রলারযোগে একদল পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৬৫৯ ঘ.
bdnews24