২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনবিআরের আধুনিকায়নে রূপরেখা আসছে: নাসির

জাতীয় রাজস্ব বোর্ডর (এনবিআর) আধুনিকায়নে পাঁচ বছর মেয়াদি একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে। আগামী বাজেটে এই রূপরেখা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান ড. নাসির উদ্দিন আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2011, 05:23 PM

Updated : 24 Aug 2022, 03:06 PM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় রাজস্ব বোর্ডর (এনবিআর) আধুনিকায়নে পাঁচ বছর মেয়াদি একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে। আগামী বাজেটে এই রূপরেখা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান ড. নাসির উদ্দিন আহমেদ। শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, "এনবিআরের আধুনিকায়নে আগামী বাজেটে একটি সমন্বিত রূপরেখা দেওয়া হবে। আগামী পাঁচ বছর এনবিআর কী করবে তার বিস্তারিত এতে থাকবে।" বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এনবিআর চেয়ারম্যান বলেন, "কৌশল নির্ধারণ, মানবসম্পদ উন্নয়ন এবং প্রশাসনিক কাঠামো আরো সরল করাসহ প্রয়োজনীয় সব নির্দেশনাই ওই রূপরেখায় থাকবে। উন্নয়ন অংশীদাররা এ প্রকল্পের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।" অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অনুষ্ঠানে বলেন, পরবর্তী বাজেট থেকে সরকার লেনদেনের তথ্যও রাখবে। "লেনদেনের তথ্য সংগ্রহ এই সংস্কার কর্মসূচির অন্যতম অংশ। কারণ কর আদায়ের ক্ষেত্রে শুল্ক অফিস নানা সমস্যার মুখোমুখি হচ্ছে।" সেই সঙ্গে পরবর্তী বাজেটেই নতুন কর আইন চালুর ঘোষণা দেন তিনি। বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, "কর কর্মকর্তাদের দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ। তবে এটাও সত্য যে কর আদায়ের ক্ষেত্রে অনেকেই হয়রানির শিকার হচ্ছেন।" অন্যদের মধ্যে কাস্টমস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মোহাম্মদ ফিরোজ শাহ আলম ও নতুন মহাসচিব ড. শহিদুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/জেকে/২৩২১ ঘ.