পঞ্চগড়, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড় শহরে দিনে-দুপুরে চুরি-ডাকাতি রোধে পুলিশ প্রশাসনকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।
শুক্রবার জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় তিনি পুলিশকে এ সময়সীমা বেঁধে দেন।
মজাহারুল হক প্রধান পুলিশকে সতর্ক করে দিয়ে বলেন, "আমরা কি কয়েকজন চোর-ডাকাতের হাতে জিম্মি হয়ে পড়েছি? পুলিশের কাজটা কী, তারা আসলে কী করছে? দ্রুত পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। নয়তো ব্যর্থতার দায়ভার নিয়ে সবাইকে বিদায় নিতে হবে।"
সভায় পুলিশ সুপার শাহারিয়ার রহমান চুরি-ডাকাতি রোধে পুলিশের ব্যর্থতার দায় স্বীকার কওে বেঁধে দেওয়া সময়ের মধ্যে এসব ঘটনার রহস্য উদঘাটনে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
জেলা প্রশাসক বনমালী ভৌমিকের সভাপতিত্বে সভায় স্থানীয় বিজিবি ব্যাটালিয়নের মেজর হাসিবুল হোসেন নবী, র্যাব-৫'র এএসপি আনোয়ার হোসেন, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মাওলানা আব্দুল খালেক, সদর ইউএনও সাইফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাসায় কেউ না থাকলে থানায় অবহিত করা, রাত ১২ টার পর বিশেষ কারণ ছাড়া হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা, লোকজনের চলাফেরায় বিধিনিষেধ আরোপ ও আগামী সাতদিন বিশেষ টহলসহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।
গত তিন সপ্তাহে পঞ্চগড় শহরে অন্তত ২০টি চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে। বিশেষ করে কোনো বাসা খালি থাকলেই সেসব বাসায় দিনের বেলায় চুরি-ডাকাতি হচ্ছে। কিন্তু পুলিশ কোনো ঘটনারই কিনারা করতে পারছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৯২৪ ঘ.
bdnews24