ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া বাকশালে যোগ দিয়েছিলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্য নাকচ করে দিয়েছেন বিএনপির সহসভাপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।
তিনি বলেছেন, এটি জিয়া সম্পর্কে প্রধানমন্ত্রীর মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়।
শুক্রবার নিজ বাসায় এক সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
১৭ মে জেনাভায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করেন, জিয়াউর রহমান দরখাস্ত করে বাকশালে যোগ দিয়েছিলেন।
ওই বক্তব্য প্রসঙ্গে তৎকালীন উপ-সেনা প্রধানের পিএস হাফিজ উদ্দিন বলেন, "প্রধানমন্ত্রী ১৭ মে জেনেভায় জিয়া সম্পর্কে যে বক্তব্য রেখেছেন তা মিথ্যাচার ছাড়া কিছুই নয়। জিয়া বাকশালে যোগ দেননি। বরং বাকশালের ফরম আমার সামনেই ওয়েস্ট বাস্কেটে ফেলে দিয়েছিলেন।"
প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানাতে এই সংবাদ ব্রিফিং করা হয়।
হাফিজ বলেন, "আমি দুই বছর তৎকালীন উপ-সেনা প্রধান জিয়াউর রহমানের পিএস ছিলাম। একদিন সকালে তিনি আমাকে একটি ফরম দিয়ে বললেন, এটি বাকশালের সদর দপ্তর থেকে দেওয়া হয়েছে।"
১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধীর মাধ্যমে বহুদলীয় সংসদীয় সরকার পদ্ধতি পরিবর্তন করে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। একই সঙ্গে সব রাজনৈতিক দল বিলুপ্ত করে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) নামে একটি একক রাজনৈতিক দল গঠন করা হয়।
জিয়া যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ব্যক্তিগত কর্মকর্তাদের মতামত নিতেন দাবি করে হাফিজ বলেন, "আমার মতামত জানতে চাওয়া হলে সেদিন আমি না সূচক পরামর্শ দিয়েছিলাম।"
"আমি বললাম- বাংলাদেশের জনগণ গণতন্ত্র প্রিয়। স্যার বাকশালে যোগ দেওয়া ঠিক হবে না। তখন তিনি (জিয়া) সেনাবাহিনীকে রাজনীতিতে জড়ানো ঠিক হবে না- একথা বলে ফরমটি ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দেন।"
ওই ঘটনার পর আরো একবছর জিয়ার পিএস ছিলেন বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/কেএমএস/১৭২৬ ঘ.
bdnews24