ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক দুলাল চন্দ্র বিশ্বাস ও যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার রাশেদ চৌধুরীর চুক্তিতে নিয়োগের মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বৃহস্পতিবার এ মেয়াদ বাড়ানো হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাসের চুক্তিতে নিয়োগের মেয়াদ বাড়ানোর আদেশ ১৮ মে থেকে অথবা তার কাজে যোগ দেওয়ার দিন থেকে কার্যকর হবে।
ওদিকে প্রেস মিনিস্টার পদে সাংবাদিক রাশেদ চৌধুরীর নিয়োগের ধারাবাহিকতা রক্ষায় এ মেয়াদ বৃদ্ধির আদেশ গত ২৩ এপ্রিল অথবা কাজে যোগ দেওয়ার দিন থেকে কার্যকর হবে।
'রিভাইটালাইজেশন অব কান্ট্রি হেলথ কেয়ার ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ' প্রকল্পের অতিরিক্ত পরিচালক বরেন্দ্র মন্ডল ও ফিরোজ মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছে।
তাদের নিয়োগের ধারাবাহিকতা রক্ষায় গত ১২ মে অথবা কাজে যোগ দেওয়ার দিন থেকে মেয়াদ বৃদ্ধি কার্যকর হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৮৩৭ ঘ.
bdnews24