২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবিশেষপশুপালনে 'ক্ষুদ্রঋণ' দেবে সরকার

মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ক্ষুদ্রঋণ প্রকল্প চালুর পরিকল্পনা করছে সরকার। এর আওতায় প্রশিক্ষিত ও বেকার যুবকরা ৩০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2011, 12:20 PM

Updated : 24 Aug 2022, 03:06 PM

মহসীনুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ক্ষুদ্রঋণ প্রকল্প চালুর পরিকল্পনা করছে সরকার। এর আওতায় প্রশিক্ষিত ও বেকার যুবকরা খামার করার জন্য ৩০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাবেন। এতে বেশি গুরুত্ব পাবে ছাগল ও ভেড়া পালন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রস্তাব নিয়ে কাজ করছে। প্রস্তাবটি চূড়ান্ত হলে আগামী জুলাই থেকেই ক্ষুদ্র ঋণ প্রকল্পের কাজ শুরু হতে পারে। লতিফ বিশ্বাস বলেন, "ভর্তুকির মাধ্যমে এ খাতকে এগিয়ে নিতেই এ প্রকল্প নেওয়া হচ্ছে। এ কার্যক্রম শুরু করা হবে মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরসহ এ মন্ত্রণালয়ের অধীনে চলমান সব ঋণদান প্রকল্পের সমন্বয়ের মাধ্যমে।" এ প্রকল্পের আওতায় ১০ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে প্রশিক্ষিত ও বেকার যুবকসহ খামার প্রকল্পের উদ্যোক্তাদের। ক্ষুদ্্র ঋণের অর্থ কাজ করবে ঘূর্ণায়মান তহবিল হিসেবে। অর্থাৎ ঋণের কিস্তির অর্থ তুলেই অন্যদের ঋণ দেওয়া হবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সরকার গত কয়েক বছর ধরেই মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সংশ্লিষ্টদের নানাভাবে অর্থ সহায়তা দিয়ে আসছে। জেলেদের জন্য খাদ্য ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এতে ইলিশসহ বিভিন্ন মাছের উৎপাদন বেড়েছে। পশুপালন ও প্রাণিসম্পদ উন্নয়নেও বেশ কয়েকটি সরকারি প্রকল্প বর্তমানে চালু রয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ ও ঋণ দেওয়া হচ্ছে। এসব কর্মসূচির মধ্যে সমন্বয় আনতে এবং সংশ্লিষ্ট চাষি ও খামারিদের বাইরে বেকারদের জন্য এ খাতে কাজের সুযোগ সৃষ্টি করতে ক্ষুদ্র ঋণের এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তারা বলছেন, ইতোমধ্যে এ প্রকল্পের বিষয়ে সরকারের শীর্ষ পর্যায়ের সবুজ সংকেত পাওয়া গেছে। সরকারের 'একটি বাড়ি একটি খামার' প্রকল্পের পাশাপাশি এ প্রকল্পও চলবে। তবে এতে বেশি গুরুত্ব পাবে ছাগল ও ভেড়া পালন। এ প্রসঙ্গে লতিফ বিশ্বাস বলেন, মাছ চাষ ও হাঁস-মুরগি বা গরু-ছাগলের মতো ভেড়া পালনের জন্যও এ প্রকল্প থেকে ঋণ পাবে ক্ষুদ্র উদ্যোক্তারা। ঋণের মোট অর্থের অর্ধেক নগদে এবং বাকি টাকায় প্রাণী সরবরাহ করা হবে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, টাঙ্গাইলের ভুয়াপুরে ছাগল ও ভেড়া পালনের একটি প্রকল্প বর্তমানে চালু আছে। এ প্রকল্পকে মডেল হিসেবে নিয়েই ক্ষুদ্র ঋণদান কার্যক্রম শুরু করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৮০৫ ঘ.