২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বাবা সকালে অপহৃত হয়ে সন্ধ্যায় মুক্তি পেয়েছেন'

নোয়াখালীর হাতিয়ায় অপহৃত এক ব্যক্তি পণের বিনিময়ে মুক্তি পেয়েছেন বলে দাবি করেছে তার পরিবার। পুলিশ বলছে, তাদের তৎপরতায় ওই ব্যক্তি মুক্তি পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2011, 04:40 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

নোয়াখালী, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর হাতিয়ায় অপহৃত এক ব্যক্তি পণের বিনিময়ে মুক্তি পেয়েছেন বলে দাবি করেছে তার পরিবার। পুলিশ বলছে, তাদের তৎপরতায় ওই ব্যক্তি মুক্তি পেয়েছেন। সতীশ মহাজন (৫৫) নামে ওই ব্যক্তিকে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে অপহরণ করা হয় বলে জানায় তার পরিবার। সন্ধ্যার দিকে উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের নিজ বাড়ি ফিরে আসেন তিনি। সকালে হাতিয়ার আফাজিয়া বাজার থেকে প্রতিপক্ষের লোকজন সতীশ মহাজনকে অপহরণের পর মুক্তিপণ দাবি করে উল্লেখ করেন সতীশের ছেলে রবীন্দ্রনাথ। তিনি বলেন, বিষয়টি তখন পুলিশকে জানানো হয়। চর ঈশ্বর ইউপি সদস্য রবীন্দ্রনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকেলের দিকে নাজিম বেপারীর মধ্যস্থতায় অপহরণকারীদের কাছে নগদ ৬২ হাজার টাকা পাঠানো হয়। টাকা পেয়ে অপহরণকারীরা সন্ধ্যায় বাবাকে ছেড়ে দেয়। টাকা লেনদেনের কথা পুলিশ বা মিডিয়াকে জানালে অপহরণকারীরা বাবাকে আবার তুলে নিয়ে হত্যা করবে বলে হুমকি দেয়।" অপহরণকারীদের সব কথা মোবাইল ফোনে রেকর্ড করা আছে বলে দাবি করেন তিনি। নোয়াখালী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আফম নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সতীশ মহাজনের অপহরণের ঘটনা সত্য। টাকার বিনিময়ে নয়, বরং পুলিশের তৎপরতার কারণে অপহরণকরীরা সতীশকে ছেড়ে দেয়। রবীন্দ্রনাথের অভিযোগ, তার বাবাকে শিপলু, জিয়াসহ কয়েকজন যুবক অপহরণ করে। 'অপহরণকারী' যুবকরা হাতিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ওয়ালিউল্লার সমর্থক বলে দাবি করেন রবীন্দ্রনাথ। তবে এ ব্যাপারে অধ্যাপক ওয়ালিউল্লাহ রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সতীশ মহাজনের অপহরণের ঘটনা বানোয়াট। "ঘটনাটি সত্য হলেও এর সঙ্গে আমার লোকজনের সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/২২৩৪ ঘ.