ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত পানি আইন (২০১০) বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা করবে বলে দাবি করেছে পরিবেশ বিষয়ক একটি সংস্থা।
পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) নামের সংস্থাটি সাধারণ মানুষের পানির অধিকার নিশ্চিত করতে পানিকে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ারও দাবি জানিয়েছে ।
প্রস্তাবিত পানি আইনকে জনবিরোধী আখ্যা দিয়ে প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে এটিকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক প্রকৌশলী ইনামুল হক।
বুধবার জাতীয় প্রেসক্লাবে পবা আয়োজিত 'প্রস্তাবিত পানি আইন-২০১০ এবং জনগণ ও প্রকৃতির অধিকার' শিরোনামের গোলটেবিলে তারা এসব কথা বলেন।
'প্রস্তাবিত আইনে পানিতে শুল্ক আরোপ করা যাবে'
গোলটেবিলে অ্যাডভোকেট অনন্যা রহমান বলেন, "প্রস্তাবিত আইনে বলা হয়েছে, সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন কর্তৃপক্ষকে সমন্বিতভাবে পানি সরবরাহ, উন্নয়ন, নিয়ন্ত্রণ, সংরক্ষণ, উত্তোলন ও পানি নিষ্কাশনের জন্য শুল্ক ধার্য ও আদায়ের ক্ষমতা অর্পণ করতে পারবে।"
তিনি বলেন, এছাড়া বেসরকারি প্রকল্পের বৃহত্তর স্বাথের নদীর সঙ্গে স্থায়ী সংযোগ বিচ্যুতির অধিকার, কোম্পানি অপরাধ করলে শুধু জরিমানার বিধান এবং পানি ব্যবহারের জন্য ক্ষমতাপ্রাপ্ত প্রতিষ্ঠান দ্বারা লাইসেন্সভুক্ত হওয়ার শর্ত পানির মতো একটি মৌলিক প্রয়োজনীয় পণ্যে জনগণের অধিকার খর্ব করবে।
ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্টের নীতি বিশ্লেষক সৈয়দ মাহাবুবুল আলম বলেন, প্রস্তাবিত আইন সম্পূর্ণ বাণিজ্যিক স্বার্থ হাসিলের হাতিয়ার বিবেচনা।
তিনি জানান, বিশ্বে পানি ব্যবসার পেছনে ১০টি কোম্পানির বিনিয়োগ ইতোমধ্যে ৪০ হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে। বিশ্বব্যাংকের চাপে বলিভিয়া ১৯৯৯ সালে পানি খাতকে বেসরকারি খাতে ছেড়ে দিলে সেখানে পানির বিল মাসে ২০ ডলারে পৌঁছায়। অথচ সেখানে সাধারণ মানুষের নূন্যতম বেতন ছিলো মাত্র ১০০ ডলার।
পাশ্ববর্তী দেশ ভারতে পানির বেসরকারিকরণের উদাহরণ টেনে তিনি বলেন, ভারতের বিশ্বনাথ নদী ছত্তিশগড় শিল্প উন্নয়ন কর্পোরেশন ও পানি পরিশোধন নামে একটি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার ফলে রেল কলোনির লোকদের প্রতি লিটার পানির জন্য ১২ রুপি ৬০ পয়সা করে দিতে হতো। সারাদিনে তারা পানি পেত মাত্র চার লিটার।
প্রস্তাবিত পানি আইনকে কালো আইন হিসেবে আখ্যায়িত করে সাংবাদিক-কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, "প্রস্তাবিত পানি আইন কালো আইনের সর্বশেষ তালিকায় পড়তে যাচ্ছে। এ আইন পাশ হলে রাষ্ট্রের পানির মালিকানা বিদেশি কোম্পানিগুলোর হাতে চলে যাবে। এর থেকে বড় মানবাধিকার লঙ্ঘন আর হতে পারে না।"
বৈঠকে আরো বক্তব্য দেন জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশের পরিচালক মুহাম্মদ মুনীর হোসেন, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি ড. রশীদ ই মাহাবুব এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সাবেক সভাপতি শফিউদ্দিন সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/পিডি/২০০৭ ঘ.
bdnews24