বেনাপোল, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে প্রায় সাত মাস আটক রাখার পর আট বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
বুধবার বিকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে ওই আট জনকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী-বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ কর্তৃপক্ষ। পরে তাদের বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়।
ওই থানার ওসি শামীম মুসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বছর অক্টোবর মাসে নৌকা নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার পর ঝড়ের কবলে পরে ভারত সীমান্তে চলে যান ওই আট জেলে। ভারতীয় পুলিশ তাদের আটক করে।
এই আট জেলে হলেন- পিরোজপুরের গাটিছাড়া গ্রামের আ. সালাম, বরগুনা জেলার পাথরঘাটা থানার বধূরতলা গ্রামের শাহীন মিয়া, মঠবাড়ীর কচুবেড়িয়া গ্রামের কালাম খান, আলাউদ্দিন, আবুল কালাম, ফিরোজ মিয়া, আবুল কালাম ও লাইছেন।
সালাম ও শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভারতীয় পুলিশ তাদের আটক করে কলকাতার ডায়মন্ড হারবার জেলখানায় সোপর্দ করে। সেখানে তিন মাস রাখার পর পাঠানো হয় আলীপুর জেলখানায়। সেখানেও তিন মাস কারাভোগের পর মুক্তি মিললো তাদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জেকে/১৯২৩ ঘ.
bdnews24