২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় মহানগর প্রভাতী দুইঘণ্টা আটকা

অটোবাইককে বাঁচাতে গিয়ে কুমিল্লায় মহানগর প্রভাতী বিকল হয়ে ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল দুইঘণ্টা বন্ধ ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2011, 01:16 PM

Updated : 24 Aug 2022, 03:06 PM

কুমিল্লা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অটোবাইককে বাঁচাতে গিয়ে কুমিল্লায় মহানগর প্রভাতী বিকল হয়ে ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল দুইঘণ্টা বন্ধ ছিলো। বুধবার সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দৈয়ারা এলাকায় এ ঘটনা ঘটে। ওই অটোবাইকটিকে শেষ পর্যন্ত রক্ষা করতে পারেনি ট্রেনটির চালক। তবে তাতে কোনো যাত্রী ছিল না। এতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর প্রভাতী এবং চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। মহানগর প্রভাতী'র চালক মো. আলী হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম থেকে সকাল সোয়া ৭টায় ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করে কুমিল্লার ময়নামতি স্টেশনের কাছে দৈয়ারা এলাকায় পৌঁছে সকাল ১০টার দিকে। এ সময় ওখানে রেলওয়ের উন্মুক্ত ক্রসিংয়ে একটি ব্যাটারিচালিত অটোবাইক আটকে থাকতে দেখে তিনি ট্রেন থামানোর চেষ্টা করে ব্যর্থ হন। এতে ট্রেনের ধাক্কায় যাত্রীবিহীন অটোবাইকটি দুমড়েমুচড়ে রেল লাইনের পাশে ছিটকে পড়ে। এদিকে ট্রেনের এয়ার ব্রেকের পাইপ ফেটে হাওয়া বের হতে থাকে। এক পর্যায়ে ময়নামতি স্টেশনে এসে বিকল হয়ে পড়ে। আলী হোসেন আরো বলেন, পরে কুমিল্লা থেকে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে পাইপটি মেরামত করলে দুইঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এদিকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ময়নামতি স্টেশনে কিছুক্ষণ আটকে থাকার পর বিকল্প লাইনে পার করা হয়। রেলওয়ের ময়নামতি স্টেশন মাস্টার জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০৮ ঘ.