২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিগ মামলায় রোববার যুক্তিতর্ক

মিগ-২৯ যুদ্ধবিমান কেনায় দুর্নীতির মামলায় সাক্ষ্যগ্রহণ এবং আসামিদের আত্মপক্ষ সমর্থন শেষে আগামী রোববার যুক্তিতর্ক শুনানি হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2011, 06:56 AM

Updated : 24 Aug 2022, 03:06 PM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিগ-২৯ যুদ্ধবিমান কেনায় দুর্নীতির মামলায় সাক্ষ্যগ্রহণ এবং আসামিদের আত্মপক্ষ সমর্থন শেষে আগামী রোববার যুক্তিতর্ক শুনানি হবে। বুধবার ঢাকার বিশেষ বিভাগীয় জজ মো. আব্দুল মজিদের আত্মপক্ষ সমর্থনে আসামিদের বক্তব্য শোনার পর যুক্তিতর্কের দিন ঠিক করেন। এ মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম আসামির তালিকায় থাকলেও পরে উচ্চ আদালতের আদেশে অব্যাহতি পান তিনি। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর বাদির আংশিক সাক্ষ্য গ্রহণের দিনই প্রধান আসামি শেখ হাসিনার আবেদনে হাইকোর্ট মামলার বিচার কাজ স্থগিত করে দেয়। ২০১০ সালের ৯ মার্চ হাইকোর্ট শেখ হাসিনাকে এ মামলা থেকে অব্যাহতি দেয়। মামলার আসামিরা হলেন- বিমান বাহিনীর সাবেক প্রধান জামালউদ্দিন আহমেদ, বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এয়ার কমোডর মির্জা আখতার মারুফ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব সৈয়দ ইউসুফ হোসেন, সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ হোসেন সেরনিয়াবাত ও ইউনিক গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক নূর আলী। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ২০০১ সালের ১১ ডিসেম্বর তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা (বর্তমানে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক) আবদুল্লাহ আল জাহিদ তেজগাঁও থানায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলাটি করেন। মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতায় থাকাকালে নিজেরা লাভবান হওয়ার জন্য বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৭০০ কোটি টাকা মূল্যে ৮টি মিগ-২৯ ক্রয় করে সরকারের আর্থিক ক্ষতি করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১২৪৭ ঘ.