২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি কার্যালয় ভেঙেছেন 'জামায়াত নেতা'

জামায়াত সমর্থিত নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সদরের আলীপুর ইউনিয়ন বিএনপি কার্যালয় ভেঙে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2011, 04:17 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

সাতক্ষীরা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াত সমর্থিত নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সদরের আলীপুর ইউনিয়ন বিএনপি কার্যালয় ভেঙে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তার লোকজন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবিও ভাংচুর করে বলে বিএনপি নেতারা দাবি করেন। এ ঘটনায় আওয়ামী লীগও জড়িত ছিল বলে অভিযোগ করা হলেও দলটির স্থানীয় নেতা তা অস্বীকার করেছেন। তবে এর জেরে রাতে স্থানীয় এক আওয়ামী লীগকর্মী মারধরের শিকার হয়েছেন। আলীপুর ইউনিয়ন বিএনপি সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ জানান, আলীপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান স্থানীয় জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান ছোট'র নেতৃত্বে বিএনপি অফিসের ভেতরে স্বর্ণ ও রৌপ্যের চ্যাম্পিয়নশিপ কাপ, টেলিভিশন, খাতাপত্র, চেয়ারটেবিল ভাংচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে অফিসটি গুড়িয়ে দেওয়া হয় বলে তিনি জানান। এ সময় তার সঙ্গে আওয়ামী লীগ নেতা মশিউর রহমান ওরফে ময়ূর ঢালীও ছিলেন বলে তিনি দাবি করেন। এ ব্যাপারে মোস্তাফিজুর রহমান ছোট বলেন, আলীপুর ইউনিয়নে কোনো বিএনপি অফিস ছিল না। তবে সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুর রউফ দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের জায়গা দখল করে তার নিজের একটি অফিস তৈরি করেন। কয়েকদিন আগে নোটিশ দিয়ে পরিষদের জায়গা থেকে তার অফিস স্থানান্তর করার কথা বলা হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। "তাই মঙ্গলবার চৌকিদাররা ইউনিয়ন পরিষদের জায়গা থেকে অবৈধভাবে দখল করা স্থানটি পরিষ্কার করেছে মাত্র," বলেন তিনি। এ ব্যাপারে আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মশিউর রহমান ওরফে ময়ূর ঢালী জানান, পরিষদের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে শুনে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে ভাংচুরের ঘটনায় তিনি জড়িত নন। তিনি আরো বলেন, এ ঘটনার জেরে রাত ৮টার দিকে বিএনপি নেতা আব্দুর রউফের লোকজন স্থানীয় আওয়ামী লীগকর্মী মাহবুবুর রহমানকে (২৬) আলীপুর বাজারে মারধর করেছে। তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সদর থানার ওসি শাহজাহান আলী খান অফিস ভাংচুরের ঘটনা স্বীকার করে বলেন, অফিসটি বিএনপি'র কি না তা তার জানা নেই। কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। তিনি বলেন, বাজারে একজনকে মারধরের কথা শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। পরিস্থিতি এখন শান্ত। আলীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুর রউফ এবং নবনির্বাচিত চেয়ারম্যান জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান ছোট সহোদর ভাই। গত নির্বাচনে রউফ তার ছোটভাইয়ের কাছে হেরে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.