মৌলভীবাজার, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সুকুমার দাশ নামে এক জনকে খুনের পর পুলিশে ধরা দিয়েছেন সুবল মাঝি নামে এক ব্যক্তি।
সুবল থানায় সাংবাদিকদের সামনে পুলিশকে বলেন, তার স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন থেকে সুকুমারের প্রেম চলছিলো। এ কারণেই সুকুমারকে আঘাত করেন তিনি।
মঙ্গলবার দুপুরে সুবল (৪০) শ্রীমঙ্গল থানায় আত্মসমর্পণ করেন। একদিন আগেই খুন হন সুকুমার (৩৫)।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান মজুমদার বলেন, সোমবার দুপুরে কাকিয়াছড়া চা বাগানের ৮ নম্বর সেকশন এলাকায় সুকুমারকে পেয়ে উত্তেজিত হয়ে ওঠে সুবল। কথা কাটাকাটির এক পর্যায়ে হাতে থাকা দা দিয়ে সুকুমারের বাম পায়ে কোপ দিয়ে সুবল পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে থাকেন সুকুমার।
মঙ্গলবার দুপুরে শ্রমিকরা বাগানে চা পাতা সংগ্রহ করতে গিয়ে সুকুমারের মৃতদেহ দেখে বাগান কর্তৃপক্ষকে জানায়।
সুকুমার কাকিয়াছড়া চা বাগানের মৃত অনন্ত দাশের ছেলে। তিনি বেকার ছিলেন। তার মা বিটিআরআই চা বাগানের শ্রমিক।
নিহতের ভাই আশিষ কুমার দাশ বাদি হয়ে শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা করেছেন বলে পুলিশ কর্মকর্তা মনির জানান।
লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিএনবি/এমআই/১৮৫৯ ঘ.
bdnews24