গাজীপুর, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ দূষণের অভিযোগে গাজীপুরের শ্রীপুর পৌরসভায় একটি অ্যালুমিনিয়াম কারখানার সাত লাখ টাকা জরিমানা হয়েছে।
মঙ্গলবার সকালে কেওয়া পশ্চিমখণ্ড এলাকায় ইমাম মেটাল নামের অ্যালুমিনিয়াম তৈরি কারখানায় এ অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ওই কারখানার ব্যবস্থাপক চাঁন মিয়াকে (৩৫) আটকও করা হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. মুনীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে কারখানাটিতে সিগারেটের প্যাকেট, ওষুধের ট্যাবলেটের খালি পাতা ও হালকা অ্যালুমিনিয়াম মিশ্রিত বর্জ্য পুড়িয়ে অ্যালুমিনিয়াম তৈরির কাজ চলে আসছে।
বর্জ্য পোড়ানোর ফলে নিঃসৃত কালো ধোঁয়া আশপাশের পরিবেশের ওপর বিরূপ প্রভাব বিস্তার করছে। ফলে ধান ছাড়াও আম, কাঁঠালসহ বিভিন্ন ফলজ উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি এবং ফলন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও বিষাক্ত ধোঁয়া নানাভাবে পরিবেশের ক্ষতি করছে।
মুনীর চৌধুরী বলেন, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অভিযান চলাকালে কারখানাটি থেকে অ্যালুমিনিয়াম তৈরির কাঁচামাল প্রতিটি ৫ কেজির ১২৮ বস্তা সীসা, প্লাস্টিক বর্জ্য ১৫০ বস্তা, অ্যালুমিনিয়িাম ৫০ বস্তা, অ্যালুমিনিয়িাম তৈরির ৫টি ডাইস জব্দ করা হয়।
পরিবেশ ক্ষতি করার অভিযোগে কারখানার ব্যবস্থাপককে আটক এবং কারখানার সাত লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান আকন্দ, র্যাব-২ এর সহকারী পরিচালক বশীর আহমেদ, স্থানীয় কয়েকজন পৌর কাউন্সিলর উপস্থিত ছিলেন।
আটক চাঁন মিয়া বলেন, "আমি শুধু কারখানার বেতনভুক্ত কর্মচারী। কারখানা মালিকরা জানেন অ্যালুমিনিয়াম উৎপাদন পরিবেশ বান্ধব না ক্ষতিকর।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩৯ ঘ.
bdnews24