খাগড়াছড়ি, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পার্বত্য শান্তিচুক্তিবিরোধী পাহাড়ি সংগঠন ইউপিডিএফের কার্যালয়ে আগুনে পুড়েছে। সংগঠনটির দাবি, পরিকল্পিতভাবে তাদের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।
সোমবার রাতে উপজেলা সদরে মাস্টার পাড়ায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ'র কার্যালয়ে আগুন লাগে। এতে পাশের তিনটি দোকানও পুড়েছে।
এ বিষয়ে খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনী গিয়ে স্থানীয়দের চেষ্টায় আগুন নেভায়।
এটি দুর্ঘটনা, না নাশকতা - তা তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
ইউপিডিএফ'র জেলা সমন্বয়ক প্রদীপন খীসা এক বিবৃতিতে বলেন, তার সংগঠনের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবেই আগুন লাগানো হয়েছে।
'নাশকতা'র সঙ্গে জড়িতদের খুঁজে বের করে অগ্নিকাণ্ডে বিচারের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
প্রদীপন জানান, আগুনে সংগঠনের বিভিন্ন নথিপত্র পুড়ে যাওয়ায় পাশাপাশি আসবাবপত্র পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭২০ ঘ.
bdnews24