ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস ও সিএনজি চালিত অটোরিকশার নতুন ভাড়া বাতিলের দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠন পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পবা'র চেয়ারম্যান আবু নাসের খান এ দাবি জানান।
তিনি বলেন, "বাস ও সিএনজির ভাড়া বাড়ানোর ফলে গণপরিবহনে চরম নৈরাজ্য বিরাজ করছে। জনস্বার্থকে উপেক্ষা করে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। তাই এ ভাড়া বাতিল করতে হবে।"
একই সঙ্গে একটি কমিটি গঠন করে জনগণের মতামত নিয়ে পুনরায় ভাড়া নির্ধারণের দাবি জানান পবা চেয়ারম্যান।
সোমবার পরিবহন মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে বৈঠকে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়া প্রতি কিলোমিটারে ৩৫ ও ৫০ পয়সা করে বাড়ানোর সিদ্ধান্ত হয়। ১৯ মে থেকে এই নতুন ভাড়া কার্যকর হবে।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি'র আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, জ্বালানি তেল ও সিএনজির দাম বাড়ার তুলনায় বাস ও সিএনজি অটোরিকশার ভাড়া বেশি বাড়ানো হয়েছে।
"এভাবে ভাড়া বাড়ানো অযৌক্তিক।"
পবা আয়োজিত ওই সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক এম এম সফিউল্লাহ, বুয়েটের পরিকল্পনা ও স্থাপত্য অনুষদের ডিন অধ্যাপক রুখসানা হাফিজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএম/এএল/১৫৩৬ ঘ.
bdnews24